যুক্তরাষ্ট্র   শুক্রবার ২৩ অক্টোবর ২০২৬,৭ কার্তিক ১৪৩৩

বিতর্কিত ১৮(ক) ধারা বাতিল, ব্যাংক রেজোল্যুশন বিল সংসদে পাস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৮ PM ৮৩
বিতর্কিত ১৮(ক) ধারা বাতিল, ব্যাংক রেজোল্যুশন বিল সংসদে পাস

ব্যাংক রেজোল্যুশন (সংশোধন) বিল পাস। ছবি: সংগৃহীত

ব্যাংক রেজোল্যুশন আইন, ২০২৬-এর বিতর্কিত ১৮(ক) ধারা বাতিল করে ব্যাংক রেজোল্যুশন (সংশোধন) বিল পাস করেছে জাতীয় সংসদ। বুধবার (৯ সেপ্টেম্বর) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বিলটি সংসদে উত্থাপন করলে কণ্ঠভোটে তা পাস হয়। একই সময়ে অর্থ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির প্রতিবেদনও সংসদে উপস্থাপন করা হয়।

সংশোধিত আইনে ১৮(ক) ধারা সম্পূর্ণভাবে রহিত করার বিধান রাখা হয়েছে। অর্থমন্ত্রীর ব্যাখ্যা অনুযায়ী, সংকটে পড়া তফশিলি ব্যাংক পুনর্গঠন, মূলধন ও তারল্য সংকট মোকাবিলা এবং ব্যাংক অবসায়নের ক্ষেত্রে সরকারি অর্থের ওপর চাপ কমানোর উদ্দেশ্যে বাজারভিত্তিক একটি ব্যবস্থা হিসেবে ধারাটি যুক্ত করা হয়েছিল।

এই ধারার আওতায় কোনো ব্যাংককে রেজোল্যুশন প্রক্রিয়ায় নেওয়ার আগে ওই ব্যাংকের সাবেক শেয়ারহোল্ডার, উপযুক্ত ব্যক্তি বা প্রতিষ্ঠান বাংলাদেশ ব্যাংকের কাছে ব্যাংকটির সম্পদ, দায় ও শেয়ার পুনর্গ্রহণের আবেদন করতে পারতেন। তবে এ সুযোগ পাওয়ার জন্য আইনে কঠোর নিয়ন্ত্রক শর্ত রাখা হয়েছিল।

অর্থ মন্ত্রণালয়ের নথি অনুযায়ী, আইন কার্যকর হওয়ার পর ওই শর্ত পূরণ করতে সক্ষম কোনো ব্যক্তি, শেয়ারহোল্ডার বা প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী পাওয়া যায়নি। ফলে ১৮(ক) ধারা যুক্ত করার যে উদ্দেশ্য ছিল, তা বাস্তবায়িত হয়নি বলে সরকার মনে করছে। এ কারণেই ধারাটি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

১৮(ক) ধারা অন্তর্বর্তী সরকারের সময়ে প্রণীত মূল ব্যাংক রেজোল্যুশন অধ্যাদেশে ছিল না। পরে বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর অধ্যাদেশটি আইনে রূপান্তরের সময় ধারাটি সংযোজন করা হয়।

আইনটি পাস হওয়ার পর থেকেই ধারা নিয়ে আর্থিক খাতে আলোচনা ও সমালোচনা শুরু হয়। বিশেষ করে সমস্যাগ্রস্ত পাঁচটি শরিয়াহভিত্তিক ব্যাংক একীভূত করে ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’ গঠনের প্রক্রিয়ার মধ্যে বিতর্কিত সাবেক পরিচালক ও শেয়ারহোল্ডারদের আবার মালিকানায় ফেরার সুযোগ তৈরি হতে পারে—এমন উদ্বেগ প্রকাশ করা হয়েছিল।

একদিকে যোগ্য বিনিয়োগকারী না পাওয়া এবং অন্যদিকে ধারাটি ঘিরে তৈরি হওয়া বিতর্কের প্রেক্ষাপটে শেষ পর্যন্ত ১৮(ক) ধারা সম্পূর্ণ বাতিলের উদ্যোগ নেয় সরকার। সংশোধনী বিল পাসের মাধ্যমে সেই বিধানটি আইনি কাঠামো থেকে বাদ পড়ল।

ব্যাংক রেজোল্যুশন

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!