যুক্তরাষ্ট্র   শুক্রবার ২৩ অক্টোবর ২০২৬,৭ কার্তিক ১৪৩৩

সব প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠানে নজরদারি বাড়ানোর পরিকল্পনা সরকারের

সবুজ নিশান ডেস্ক

সবুজ নিশান ডেস্ক

প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২১ PM ৮৪
সব প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠানে নজরদারি বাড়ানোর পরিকল্পনা সরকারের

ছবি:সংগৃহীত

দেশের সরকারি-বেসরকারি সব প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠানকে একটি কার্যকর মনিটরিং ব্যবস্থার আওতায় আনার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

শনিবার (১৯ সেপ্টেম্বর) রাজধানীর একটি হোটেলে ‘নাগরিক প্ল্যাটফর্ম সংলাপ: সরকার কতখানি এগোলো? প্রাথমিক শিক্ষার ওপর আলোকপাত’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান। এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম, বাংলাদেশ এ সংলাপের আয়োজন করে।

প্রতিমন্ত্রী বলেন, বাংলা মাধ্যম, ইংরেজি মাধ্যম কিংবা কিন্ডারগার্টেন—প্রাথমিক পর্যায়ে যেকোনো ব্যবস্থাপনায় পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানেই শিক্ষার মান নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। এ কারণে প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম পর্যবেক্ষণের জন্য কার্যকর নজরদারি প্রয়োজন।

প্রাথমিক শিক্ষার সময়সূচি নিয়েও পরিবর্তনের বিষয়টি বিবেচনা করা হচ্ছে বলে জানান তিনি। এক শিফট চালু করা এবং শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের কার্যকর শেখার সময় বাড়ানোর বিষয়েও নতুন করে পরিকল্পনা করা হচ্ছে।

শিক্ষক সংকট ও পেশাগত উন্নয়ন নিয়েও বক্তব্য দেন ববি হাজ্জাজ। তিনি জানান, শিক্ষক নিয়োগ, প্রশিক্ষণ, মূল্যায়ন, পেশাগত ক্যারিয়ার ও দক্ষতা উন্নয়নকে একটি সমন্বিত কাঠামোর মধ্যে আনার কাজ চলছে। শিক্ষকতার শুরু থেকে পরবর্তী ক্যারিয়ার ধাপ পর্যন্ত পুরো প্রক্রিয়াকে আরও বাস্তবসম্মত ও কার্যকর করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

প্রাথমিক শিক্ষা খাতে বিভিন্ন প্রকল্প ও অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি শিক্ষার্থীদের শেখার ফলাফলকে গুরুত্ব দেওয়ার ওপর জোর দেন প্রতিমন্ত্রী। তাঁর বক্তব্য অনুযায়ী, কোনো প্রকল্প বাস্তবায়ন বা নতুন ভবন নির্মাণকে এককভাবে শিক্ষার সাফল্যের মাপকাঠি হিসেবে দেখা উচিত নয়। শ্রেণিকক্ষে শিক্ষার্থীরা কতটা শিখছে এবং তাদের ফলাফলে কী ধরনের পরিবর্তন হচ্ছে, সেটিই মূল বিবেচনা হওয়া প্রয়োজন।

প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি বা পিইডিপির প্রসঙ্গে তিনি বলেন, দীর্ঘদিন ধরে অবকাঠামো, প্রযুক্তি ও প্রশাসনিক সক্ষমতা বৃদ্ধিতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। তবে এসব কার্যক্রমকে শিক্ষার্থীদের শেখার ফলাফলের সঙ্গে আরও কার্যকরভাবে যুক্ত করার প্রয়োজন রয়েছে।

সংলাপে সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মানীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে সংসদ সদস্য, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তা, শিক্ষাবিদ, গবেষক এবং বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।

অনুষ্ঠানে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসী, সিপিডির নির্বাহী পরিচালক ড. নাজনীন আহমেদ, গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে. চৌধুরীসহ শিক্ষা খাতের সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সংলাপে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিপিডির অতিরিক্ত গবেষণা পরিচালক তৌফিকুল ইসলাম খান। আলোচনায় প্রাথমিক শিক্ষার মান, শিক্ষক উন্নয়ন, মনিটরিং ব্যবস্থা এবং শিক্ষার্থীদের শেখার ফলাফলসহ বিভিন্ন বিষয় উঠে আসে।

প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষা মনিটরিং

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!