যুক্তরাষ্ট্র   শুক্রবার ২৩ অক্টোবর ২০২৬,৭ কার্তিক ১৪৩৩

এসএসসিতে দুই বিষয়ে ফেল করলে ১৫ দিনের মধ্যে পুনঃপরীক্ষা: শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২৬, ০৪:৫২ PM ৪৩
এসএসসিতে দুই বিষয়ে ফেল করলে ১৫ দিনের মধ্যে পুনঃপরীক্ষা: শিক্ষামন্ত্রী

ছবি:সংগৃহীত

এসএসসি পরীক্ষায় দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের ১৫ দিনের মধ্যে পুনরায় পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। একই সঙ্গে বছরের পর বছর পরীক্ষায় অকৃতকার্য হওয়ার প্রবণতা বন্ধে উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন তিনি। সাধারণ শিক্ষায় এগোতে না পারা শিক্ষার্থীদের কারিগরি শিক্ষায় যুক্ত করার পরিকল্পনার কথাও তুলে ধরেন মন্ত্রী।

মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমির (আরডিএ) মিলনায়তনে ৪৯তম বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে সদ্য নিয়োগপ্রাপ্ত ৬৫১ জন কর্মকর্তার ওরিয়েন্টেশন অনুষ্ঠানের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, বছরের পর বছর পরীক্ষায় ফেল করার সংস্কৃতি চলতে দেওয়া হবে না। শিক্ষার্থীরা যাতে দ্রুত পুনরায় পরীক্ষায় অংশ নিয়ে শিক্ষাজীবন এগিয়ে নিতে পারে, সে বিষয়ে উদ্যোগ নেওয়া হবে।

সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, যেসব শিক্ষার্থী প্রচলিত সাধারণ শিক্ষাব্যবস্থায় ভালো করতে পারবে না, তাদের কারিগরি শিক্ষার মাধ্যমে দক্ষ করে তোলার উদ্যোগ নেওয়া হবে।

শিক্ষার্থীদের নৈতিক শিক্ষার বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, দেশে নৈতিকতার অবক্ষয় ঘটেছে। এ পরিস্থিতি থেকে উত্তরণে বিদ্যালয় পর্যায় থেকেই শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় চতুর্থ শ্রেণি থেকে বিদ্যালয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলা ও নৈতিক শিক্ষার কার্যক্রমে গুরুত্ব দেওয়া হচ্ছে। পড়াশোনার পাশাপাশি এসব কার্যক্রমের মাধ্যমে নৈতিকভাবে উন্নত ও দায়িত্বশীল প্রজন্ম গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব (অতিরিক্ত দায়িত্ব) সরদার মো. কেরামত আলী। এ সময় স্থানীয় সংসদ সদস্য রেজাউল করিম বাদশাসহ শিক্ষা বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা বক্তব্য দেন।

এসএসসিতে দুই বিষয়ে ফেল ১৫ দিনের মধ্যে পুনঃপরীক্ষা

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!