ছবি: সংগৃহীত
দীর্ঘ বিরতির পর নতুন নাটক ‘প্রতিশোধ’ নিয়ে পর্দায় ফিরেছেন জনপ্রিয় অভিনয় জুটি ফারহান আহমেদ জোভান ও তানজিন তিশা। দর্শকদের কাছে ‘তিভান’ নামে পরিচিত এই জুটির নতুন নাটকটি ইতোমধ্যে মুক্তি পেয়েছে সিএমভির ইউটিউব চ্যানেলে।
একসময় নিয়মিত জুটি হিসেবে নাটকে দেখা যেত জোভান ও তানজিন তিশাকে। ‘আই হেট লাভ স্টোরি’, ‘মাতাল হাওয়া’, ‘কি করে বলব তোকে’ ও **‘কাপল ক্যাম্পাস’**সহ বেশ কয়েকটি নাটকে একসঙ্গে অভিনয় করে দর্শকদের প্রশংসা পান তাঁরা। দীর্ঘ বিরতির পর আবারও তাঁদের একসঙ্গে দেখে উচ্ছ্বসিত ভক্তরা।
‘তিভান’ নামে পরিচিত এই জুটির অন-স্ক্রিন রসায়ন নিয়ে দর্শকদের আগ্রহ বরাবরই ছিল। নতুন নাটকটি নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে দর্শকদের ইতিবাচক প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। অনেকেই জোভান-তিশাকে নিয়মিত আরও নাটকে একসঙ্গে দেখতে চেয়েছেন।
নাটকটির গল্পে দেখা যায়, বিদেশে পড়াশোনা শেষে এক তরুণ এক বছর চাকরি করে দেশে ফেরে। এরপর একটি প্রতিষ্ঠানে সিইও পদে চাকরির সাক্ষাৎকার দিতে গিয়ে ভিন্ন ধরনের অভিজ্ঞতার মুখোমুখি হয় সে। সেখান থেকেই ক্যারিয়ারকেন্দ্রিক একটি প্রতিশোধের গল্প এগিয়ে যায়।
নাটকের গল্পের মধ্য দিয়ে চাকরিতে নিয়োগের ক্ষেত্রে প্রার্থীদের কাছ থেকে বিভিন্ন ধরনের অভিজ্ঞতা চাওয়া এবং কর্মক্ষেত্রের কিছু বাস্তব পরিস্থিতির বিষয়ও তুলে ধরা হয়েছে। একই সঙ্গে দর্শকদের জন্য সচেতনতার বার্তাও রাখা হয়েছে।
‘প্রতিশোধ’ নাটকটি পরিচালনা করেছেন মাহমুদ মহিন। নাটকটির গল্প ও চিত্রনাট্য লিখেছেন শাহজাহান সৌরভ ও মাহমুদ মহিন। এতে জোভান ও তানজিন তিশার পাশাপাশি অভিনয় করেছেন আরেফিন জিলানী, মানস বন্দ্যোপাধ্যায় ও বড়দা মিঠু।
অভিনেতা ফারহান আহমেদ জোভান জানিয়েছেন, অনেক দিন পর তাঁরা একসঙ্গে কাজ করেছেন। নাটকটির শুটিং ঈদের আগেই সম্পন্ন হয়েছিল।
জোভান তানজিন তিশা প্রতিশোধ নাটক
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!