যুক্তরাষ্ট্র   শনিবার ২৪ অক্টোবর ২০২৬,৮ কার্তিক ১৪৩৩

অস্কারের ইনস্টাগ্রামে রণবীর-দীপিকার জনপ্রিয় সেই মুহূর্ত

সাইফুল ইসলাম জয়

সাইফুল ইসলাম জয়

প্রকাশিত: ৩০ আগস্ট ২০২৬, ০৫:৩০ PM ৮৪
অস্কারের ইনস্টাগ্রামে রণবীর-দীপিকার জনপ্রিয় সেই মুহূর্ত

‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’র একটি দৃশ্য নিজেদের ইনস্টাগ্রাম পেজে শেয়ার করেছে দ্য অ্যাকাডেমি। ছবি: সংগৃহীত

বলিউডের জনপ্রিয় জুটি রণবীর কাপুর ও দীপিকা পাড়ুকোনের অভিনীত ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’র একটি দৃশ্য এবার জায়গা করে নিয়েছে অস্কারের অফিসিয়াল সামাজিক যোগাযোগমাধ্যমে। দ্য অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেসের ইনস্টাগ্রাম পেজে সিনেমাটির একটি দৃশ্য প্রকাশের পর বিষয়টি নিয়ে ভারতীয় দর্শকদের মধ্যে বেশ উচ্ছ্বাস দেখা দিয়েছে।

২০১৩ সালে মুক্তি পাওয়া অয়ন মুখার্জি পরিচালিত ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’ বন্ধুত্ব, প্রেম, তারুণ্য ও জীবনের নানা আকাঙ্ক্ষাকে কেন্দ্র করে নির্মিত। সিনেমাটিতে রণবীর কাপুর অভিনয় করেন বানি চরিত্রে এবং দীপিকা পাড়ুকোনকে দেখা যায় ন্যায়না চরিত্রে। মুক্তির পর থেকেই সিনেমাটির গান ও বেশ কিছু দৃশ্য দর্শকদের কাছে ব্যাপক জনপ্রিয়তা পায়।

অস্কারের পক্ষ থেকে প্রকাশ করা দৃশ্যটিতে ন্যায়না ও বানিকে জীবনের বর্তমান মুহূর্ত উপভোগ করা নিয়ে আলোচনা করতে দেখা যায়। ভবিষ্যতে আরও বড় কিছু অর্জনের পেছনে ছুটতে গিয়ে বর্তমানের আনন্দকে হারিয়ে ফেলা উচিত কি না—এমন একটি ভাবনা দৃশ্যটির মূল বক্তব্যে উঠে এসেছে। অ্যাকাডেমিও পোস্টটির মাধ্যমে দর্শকদের বর্তমান সময়কে উপভোগ করার বার্তা দিয়েছে।

দ্য অ্যাকাডেমির এই পোস্ট প্রকাশের পর বলিউডপ্রেমীদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায়। সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান ধর্মা প্রোডাকশনের পক্ষ থেকেও পোস্টটিতে মন্তব্য করা হয়েছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, দৃশ্যটি তাদের কাছে সবসময়ই বিশেষ অনুভূতির জন্ম দেয়।

দর্শকদের অনেকে পোস্টটির নিচে রণবীর ও দীপিকার অভিনয়ের প্রশংসা করেছেন। কেউ কেউ আবার মজার ছলে মন্তব্য করেছেন, অস্কারের সামাজিক যোগাযোগমাধ্যমের পেজও যেন দীপিকার ভক্ত হয়ে গেছে। ফলে পুরোনো সিনেমাটির একটি দৃশ্য নতুন করে আলোচনায় এসেছে।

‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’তে রণবীর ও দীপিকার পাশাপাশি অভিনয় করেছেন আদিত্য রায় কাপুর ও কল্কি কোয়েচলিনসহ আরও অনেকে। প্রায় ৪৫ কোটি রুপি বাজেটে নির্মিত সিনেমাটি বক্স অফিসে প্রায় সাড়ে তিনশ কোটি রুপি আয় করে ব্যবসায়িক সাফল্য অর্জন করেছিল। সিনেমাটির জনপ্রিয়তা মুক্তির বহু বছর পরও যে কমেনি, অস্কারের সামাজিক যোগাযোগমাধ্যমে এর দৃশ্য প্রকাশের পর নতুন করে সেটিই প্রমাণিত হলো।

রণবীর দীপিকা

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!