যুক্তরাষ্ট্র   শুক্রবার ২৩ অক্টোবর ২০২৬,৭ কার্তিক ১৪৩৩

২৫ কোটি বাজেটের সিনেমার আয় ৩১০ কোটি, মালয়ালমে নতুন রেকর্ড

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫০ PM ৫৮
২৫ কোটি বাজেটের সিনেমার আয় ৩১০ কোটি, মালয়ালমে নতুন রেকর্ড

সংগৃহীত ছবি

মাত্র ২৫ কোটি রুপি বাজেটে নির্মিত মালয়ালম সিনেমা ‘বেথলেহেম কুদুম্বা ইউনিট’ বিশ্বব্যাপী ৩১০ কোটি রুপি ছাড়িয়ে গেছে। মুক্তির ২৬তম দিনে সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ৩১০ কোটি ৫৫ লাখ রুপি। এর মাধ্যমে মালয়ালম ভাষার সর্বোচ্চ আয় করা সিনেমার রেকর্ডও নিজেদের করে নিয়েছে ছবিটি।

এর আগে এই রেকর্ড ছিল ‘লোকাহ চ্যাপটার ১: চন্দ্র’-এর দখলে। সিনেমাটির লাইফটাইম আয় ছিল ৩০১ কোটি ৪১ লাখ রুপি। ‘বেথলেহেম কুদুম্বা ইউনিট’ মুক্তির ২৪তম দিনেই সেই অঙ্ক ছাড়িয়ে যায়। ওই সময় ছবিটির বিশ্বব্যাপী আয় ছিল ৩০৪ কোটি ৯৫ লাখ রুপি।

ভারতের বাজারে সিনেমাটির নেট আয় দাঁড়িয়েছে ১৪৯ কোটি ৯০ লাখ রুপি। বিদেশের বাজার থেকে এসেছে আরও ১৩৫ কোটি ৫০ লাখ রুপি। সব মিলিয়ে বিশ্বব্যাপী আয়ের পরিমাণ ৩১০ কোটি ৫৫ লাখ রুপি।

মুক্তির চতুর্থ সপ্তাহেও সিনেমাটির ব্যবসায় তেমন বড় পতন দেখা যায়নি। ১১ সেপ্টেম্বর আয় হয়েছে ২ কোটি ৫০ লাখ রুপি। পরদিন শনিবার আয় বেড়ে ৩ কোটি ৮৫ লাখে পৌঁছায়। রোববার সিনেমাটি আয় করে ৪ কোটি ৬০ লাখ রুপি। সোমবার আয় ছিল ২ কোটি ১০ লাখ এবং মঙ্গলবার ১ কোটি ৪০ লাখ রুপি।

মুক্তির প্রথম সপ্তাহে সিনেমাটির আয় ছিল ৫২ কোটি ৩০ লাখ রুপি। দ্বিতীয় সপ্তাহে ৪৯ কোটি ৮৫ লাখ এবং তৃতীয় সপ্তাহে ৩৩ কোটি ৩০ লাখ রুপি আয় করে এটি।

সিনেমাটির আয়ে সবচেয়ে বড় অবদান রেখেছে মালয়ালম সংস্করণ। এখন পর্যন্ত এ সংস্করণ থেকে আয় হয়েছে ১৪৩ কোটি ২৫ লাখ রুপি। ২৬তম দিনে ১ হাজার ২৫৭টি প্রদর্শনী থেকে মালয়ালম সংস্করণ আয় করেছে ১ কোটি ২৫ লাখ রুপি। তেলুগু সংস্করণ থেকে এসেছে ৩ কোটি ৫২ লাখ এবং তামিল সংস্করণ থেকে ৩ কোটি ১৩ লাখ রুপি।

মালয়ালম সিনেমার সর্বোচ্চ আয় করা ছবির তালিকায় বর্তমানে ‘বেথলেহেম কুদুম্বা ইউনিট’-এর পর রয়েছে ‘লোকাহ চ্যাপটার ১: চন্দ্র’। প্রায় ২৬২ কোটি রুপি আয় নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে ‘এল ২: এমপুরান’। এরপর রয়েছে ‘ভাঝা ২: বায়োপিক অব আ বিলিয়ন ব্রোস’ ও ‘থুদারুম’।

নিভিন পাউলি ও মমিতা বাইজু অভিনীত সিনেমাটি পরিচালনা করেছেন গিরিশ এ ডি। গল্পে অ্যাশলি নামের এক তরুণী ও তার বয়সে বড় প্রতিবেশী জাস্টিনকে ঘিরে সম্পর্কের গল্প তুলে ধরা হয়েছে। এতে প্রেমের পাশাপাশি হাস্যরস, আবেগ ও পারিবারিক টানাপোড়েন রয়েছে।

সিনেমাটির সাফল্য নিয়ে নিভিন পাউলি জানিয়েছেন, এটি তাঁর ক্যারিয়ারের সবচেয়ে বড় হিট। ছবিটির সাফল্যের কৃতিত্ব তিনি পুরো দলের পাশাপাশি পরিচালক গিরিশ এ ডিকেও দিয়েছেন। তাঁর মতে, বয়সের ব্যবধান থাকা প্রেমের গল্প, হাস্যরস ও নির্মাণশৈলী দর্শকদের কাছে গ্রহণযোগ্য হয়েছে।

ছবিটিতে নিভিন পাউলি ও মমিতা বাইজুর সঙ্গে অভিনয় করেছেন সংগীত প্রতাপ, সুরেশ কৃষ্ণ, বিনয় ফোর্ট, রোশন শানাভাস ও শ্যাম মোহন।

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!