যুক্তরাষ্ট্র   শনিবার ২৪ অক্টোবর ২০২৬,৮ কার্তিক ১৪৩৩

বিমানবন্দরে মরতুজা পলাশ গ্রেপ্তার, অনিশ্চয়তায় ‘শিকার’-এর বাকি শুটিং

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৯ PM ৭২
বিমানবন্দরে মরতুজা পলাশ গ্রেপ্তার, অনিশ্চয়তায় ‘শিকার’-এর বাকি শুটিং

‘শিকার’ সিনেমার শুটিংয়ের সময় অপু বিশ্বাসের সঙ্গে মরতুজা পলাশ; ছবি: সংগৃহীত

চিত্রনায়ক মরতুজা পলাশকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত একটি হত্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে। নেপাল থেকে দেশে ফেরার পর গত ২৮ আগস্ট ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাঁকে আটক করে পুলিশ। মামলার এজাহারে নাম থাকা পলাশ বর্তমানে কারাগারে রয়েছেন।

নেপালে অপু বিশ্বাস অভিনীত ‘শিকার’ সিনেমার শুটিংয়ে অংশ নিয়েছিলেন পলাশ। আগস্টে শুরু হওয়া সিনেমাটির ২৫ দিনেরও বেশি সময় ধরে নেপালে দৃশ্যধারণ চলে। পরে আকস্মিক বন্যার কারণে ২৮ আগস্ট ছবিটির পুরো ইউনিট দেশে ফেরে। ওই দিনই বিমানবন্দর থেকে পলাশকে গ্রেপ্তার করা হয়।

তবে গ্রেপ্তারের ঘটনাটি এত দিন প্রকাশ্যে আসেনি। মামলা-সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, গ্রেপ্তারের পর পলাশকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। রিমান্ড শেষে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের নির্দেশে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।

মামলা-সংশ্লিষ্ট একটি সূত্রের দাবি, জিজ্ঞাসাবাদের সময় সংশ্লিষ্ট ঘটনা এবং মামলার অন্য আসামিদের বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য দিয়েছেন পলাশ। তবে তাঁর গ্রেপ্তার ও জিজ্ঞাসাবাদ নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে পলাশ কারাগারে থাকায় ‘শিকার’ সিনেমার অসমাপ্ত কাজ নিয়েও দেখা দিয়েছে জটিলতা। নেপালে ছবিটির বড় অংশের শুটিং শেষ হয়েছে। এরপরও কয়েকটি দৃশ্য এবং গানের দৃশ্যধারণ বাকি রয়েছে।

নির্মাতা কামরুজ্জামান রোমানের পরিকল্পনা ছিল আগামী অক্টোবরে বাকি শুটিং শেষ করার। কিন্তু নায়ক কারাগারে থাকায় সেই পরিকল্পনা অনুযায়ী এখনো নির্দিষ্ট সময়সূচি চূড়ান্ত করা যায়নি।

কামরুজ্জামান রোমান গণমাধ্যমকে বলেন, নেপালে ‘শিকার’-এর বেশির ভাগ শুটিং শেষ হয়েছে। অক্টোবরে অবশিষ্ট কাজ করার পরিকল্পনা থাকলেও পলাশ কারাগারে থাকায় চূড়ান্ত শিডিউল করা সম্ভব হচ্ছে না। তাঁর ভাষ্য, মরতুজা পলাশ আইনিভাবে বিষয়টি মোকাবিলা করছেন এবং প্রযোজনা প্রতিষ্ঠান তাঁর দ্রুত মুক্তির প্রত্যাশা করছে। তা না হলে অপেক্ষা করা ছাড়া তাঁদের সামনে আপাতত অন্য কোনো পথ নেই।

সীমান্তবর্তী অঞ্চলের প্রেক্ষাপটে নির্মিত হচ্ছে থ্রিলারধর্মী ‘শিকার’। আবদুল্লাহ জহির বাবুর চিত্রনাট্যে নির্মিত সিনেমাটিতে মরতুজা পলাশ ও অপু বিশ্বাসের সঙ্গে অভিনয় করছেন মাহমুদুল ইসলাম মিঠু, সুমন আনোয়ার এবং ভারতের পশ্চিমবঙ্গের খরাজ মুখোপাধ্যায়, রজতাভ দত্ত ও শ্যাম ভট্টাচার্য।

শিকার অপু বিশ্বাস মরতুজা পলাশ

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!