যুক্তরাষ্ট্র   শনিবার ২৪ অক্টোবর ২০২৬,৮ কার্তিক ১৪৩৩

নেতানিয়াহুর জাতিসংঘ ভাষণের আগে বিক্ষোভ, আটক হান্না আইনবেন্ডার

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৬ PM ৫১
নেতানিয়াহুর জাতিসংঘ ভাষণের আগে বিক্ষোভ, আটক হান্না আইনবেন্ডার

ছবি: সংগৃহীত

জাতিসংঘ সাধারণ পরিষদে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষণের আগে নিউইয়র্কে তাঁর সফরের প্রতিবাদে বিক্ষোভ হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) জাতিসংঘ সদর দপ্তরের কাছে আয়োজিত ওই কর্মসূচিতে অংশ নিয়ে পুলিশের হাতে আটক হন ‘হ্যাকস’খ্যাত অভিনেত্রী হান্না আইনবেন্ডার। একই বিক্ষোভ থেকে অভিনেত্রী সুসান সারান্ডনসহ আরও কয়েকজনকে আটক করা হয়।

‘জিউইশ ভয়েস ফর পিস’ আয়োজিত কর্মসূচিতে অংশ নেওয়া বিক্ষোভকারীদের অভিযোগ ছিল, গাজা ও ফিলিস্তিনে ইসরায়েলের সামরিক অভিযান বন্ধে যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা প্রয়োজন। বিক্ষোভকারীরা ‘ফ্রি প্যালেস্টাইন’, ‘স্টপ আর্মিং ইসরায়েল’ এবং ‘ফান্ড পিপল নট বম্বস’-এর মতো স্লোগান লেখা প্ল্যাকার্ড বহন করেন।

নিউইয়র্ক পুলিশ জানিয়েছে, বিক্ষোভকারীদের একটি অংশ সড়ক অবরোধ করে অবস্থান নেওয়ায় তাদের সরে যেতে সতর্ক করা হয়েছিল। সতর্কবার্তার পরও যারা অবস্থান ধরে রাখেন, তাঁদের কয়েকজনকে হেফাজতে নেওয়া হয়। রয়টার্সের প্রতিবেদনে আইনবেন্ডার ও সারান্ডনের পাশাপাশি কয়েকজন রাজনীতিকেরও আটকের কথা বলা হয়েছে।

আটকের পর ইনস্টাগ্রামে নিজের অবস্থান তুলে ধরেন হান্না আইনবেন্ডার। তিনি বলেন, তাঁকে ও অন্য বিক্ষোভকারীদের আটকের ছবি মানুষের দৃষ্টি আকর্ষণ করলে সেই মনোযোগ যেন ফিলিস্তিন ও দক্ষিণ লেবাননের পরিস্থিতির দিকে যায়। তাঁর বক্তব্যে গাজায় ইসরায়েলের সামরিক কর্মকাণ্ডের সমালোচনা করা হয়।

অভিনেত্রী আরও অভিযোগ করেন, বসতি স্থাপনকারীদের হামলা, বাড়িঘর ধ্বংস এবং বেসামরিক মানুষের ওপর হামলার মতো ঘটনাগুলো যথেষ্ট গুরুত্ব পাচ্ছে না। একই সঙ্গে তিনি যুক্তরাষ্ট্রের দুই প্রধান রাজনৈতিক দলেরও সমালোচনা করেন এবং নেতানিয়াহু সরকারের প্রতি মার্কিন রাজনৈতিক ও কূটনৈতিক সমর্থনের প্রশ্ন তোলেন।

বিক্ষোভে আইনবেন্ডারের পাশাপাশি সুসান সারান্ডন, ইন্ডিয়া মুর, ক্যালেব হিয়ারনসহ বিনোদন অঙ্গনের আরও কয়েকজন পরিচিত ব্যক্তি উপস্থিত ছিলেন। বিভিন্ন প্রতিবেদনে অভিনেত্রী সিনথিয়া নিক্সন ও এলিয়ট পেজের উপস্থিতির কথাও এসেছে; তবে তাঁরা আটক হননি বলে তাঁদের প্রতিনিধিদের বরাত দিয়ে জানানো হয়েছে।

বিক্ষোভটি অনুষ্ঠিত হয় নেতানিয়াহুর জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে ভাষণ দেওয়ার আগে। তাঁর বক্তব্য শুরুর সময় জাতিসংঘের ভেতর থেকেও বিভিন্ন দেশের কয়েক ডজন প্রতিনিধি বেরিয়ে যান বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।

এদিকে বিক্ষোভের আয়োজকদের দাবি অনুযায়ী, শতাধিক মানুষকে আটক করা হয়েছিল। তবে নিউইয়র্ক পুলিশ তাৎক্ষণিকভাবে মোট আটকের নির্দিষ্ট সংখ্যা নিশ্চিত করেনি। রয়টার্সের প্রাথমিক প্রতিবেদনে অন্তত ৩০ জন আটকের কথা বলা হয়েছিল।

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!