যুক্তরাষ্ট্র   শুক্রবার ২৩ অক্টোবর ২০২৬,৭ কার্তিক ১৪৩৩

১৪ হলে পর্দা উঠল ‘আবার হঠাৎ বৃষ্টি’র

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ০২ অক্টোবর ২০২৬, ০৪:৪১ PM ৫৩
১৪ হলে পর্দা উঠল ‘আবার হঠাৎ বৃষ্টি’র

ছবি: সংগৃহীত

২৮ বছর পর নতুন রূপে দর্শকদের সামনে ফিরেছে নব্বইয়ের দশকের জনপ্রিয় চলচ্চিত্র ‘হঠাৎ বৃষ্টি’। পুরোনো গল্পের আবহ ধরে নির্মিত আধুনিক সংস্করণ ‘আবার হঠাৎ বৃষ্টি’ শুক্রবার (২ অক্টোবর) দেশের অন্তত ১৪টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে।

তরুণ নির্মাতা কামরুজ্জামানের পরিচালনায় নির্মিত সিনেমাটিতে প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন আরিয়ান সারোয়ার ও রাদিফা নারমিন। ১৯৯৮ সালে বাসুদেব চ্যাটার্জির পরিচালনায় বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত ‘হঠাৎ বৃষ্টি’তে অভিনয় করেছিলেন ফেরদৌস আহমেদ ও প্রিয়াঙ্কা ত্রিবেদী। সেই সময়ের প্রেমের গল্পকেই বর্তমান সময়ের দর্শকদের উপযোগী করে নতুনভাবে পর্দায় তুলে ধরা হয়েছে।

ইমপ্রেস টেলিফিল্ম ও আশীর্বাদ চলচ্চিত্রের যৌথ প্রযোজনায় নির্মিত সিনেমাটিতে নবীন দুই অভিনয়শিল্পীর পাশাপাশি দেখা যাবে আজাদ আবুল কালাম, ফারজানা ছবি, ক্রিস্টিয়ানো তন্ময়, কায়েস আরজু, মৌ খান ও ঝুনা চৌধুরীসহ আরও কয়েকজনকে।

‘হঠাৎ বৃষ্টি’ সিনেমার জনপ্রিয়তার অন্যতম কারণ ছিল নচিকেতা চক্রবর্তীর গান। নতুন সিনেমাতেও সেই পুরোনো আবেগ ধরে রাখার চেষ্টা করা হয়েছে। মূল চলচ্চিত্রের ছয়টি জনপ্রিয় গানের মধ্য থেকে তিনটি গান নতুন করে তৈরি করা হয়েছে। পাশাপাশি বর্তমান সময়ের শ্রোতাদের কথা বিবেচনায় রেখে যুক্ত করা হয়েছে দুটি মৌলিক গান।

ঢাকা ও আশপাশের বিভিন্ন প্রেক্ষাগৃহে ইতোমধ্যে সিনেমাটির প্রদর্শনী শুরু হয়েছে। রাজধানীতে বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্স, মিরপুরের সনি স্কয়ারের স্টার সিনেপ্লেক্স, শ্যামলী সিনেমা হল এবং কেরানীগঞ্জের লায়ন সিনেমাসে চলছে ছবিটি। কাঁচপুরের চাঁদমহল সিনেমা হল এবং নারায়ণগঞ্জের সীমান্ত টাওয়ারের স্টার সিনেপ্লেক্স ও সিনেস্কোপেও দর্শকেরা সিনেমাটি দেখতে পারবেন।

রাজধানীর বাইরে চট্টগ্রামের সুগন্ধা সিনেমা হল, সিলেটের গ্র্যান্ড সিলেট মুভি থিয়েটার, খুলনার লিবার্টি ও যশোরের মণিহার সিনেমা হলে প্রদর্শিত হচ্ছে ‘আবার হঠাৎ বৃষ্টি’। এ ছাড়া কুমিল্লার কে স্ক্রিন, কুষ্টিয়ার স্বপ্নীল সিনেমা হল এবং বগুড়ার মমইন প্রেক্ষাগৃহেও মুক্তি পেয়েছে সিনেমাটি।

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!