শরিফুল রাজ ও নাজিফা তুষি ছবি: সংগৃহীত
প্রেক্ষাগৃহে মুক্তির এক দশক পর ওটিটি প্ল্যাটফর্মে দেখা যাবে শরিফুল রাজ ও নাজিফা তুষি অভিনীত সিনেমা ‘আইসক্রিম’। রেদওয়ান রনি পরিচালিত ছবিটি সোমবার (১৯ অক্টোবর) রাত ১২টায় চরকিতে মুক্তি পাওয়ার কথা রয়েছে। ২০১৬ সালের ২৯ এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া এই সিনেমার মাধ্যমেই বড় পর্দায় অভিষেক হয়েছিল রাজ ও তুষির।
সিনেমাটির মাধ্যমে অভিনয়জীবনের শুরুর সময়ের স্মৃতি আবারও সামনে এসেছে দুই অভিনেতার। শরিফুল রাজের কাছে ‘আইসক্রিম’ তাঁর ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ ভিত্তি। মুক্তির সময় নির্মাতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি জানিয়েছিলেন, অনেক প্রতিকূলতা পেরিয়ে তিনি অভিনয়ের এই পর্যায়ে এসেছেন।
এক দশক আগের অভিজ্ঞতা স্মরণ করে রাজ বলেন, সময়ের সঙ্গে তাঁর মধ্যে পরিবর্তন এসেছে। তবে ‘আইসক্রিম’ তাঁর জীবনের এমন একটি ভিত্তি, যা তাঁকে বর্তমান অবস্থানে পৌঁছাতে সহায়তা করেছে। সিনেমাটির মহড়া, ক্যামেরার সামনে দাঁড়ানোর সময়কার অস্বস্তি, পরিচালক রেদওয়ান রনির নির্দেশনা এবং শুটিংয়ের নানা মুহূর্ত এখনো তাঁর স্মৃতিতে জীবন্ত বলে জানান তিনি।
নাজিফা তুষির অভিনয়জীবনেও ছবিটির গুরুত্ব আলাদা। অভিনয় সম্পর্কে খুব বেশি না জেনেই তিনি সিনেমার জগতে পা রেখেছিলেন বলে জানিয়েছেন। তাঁর ভাষ্য, তখন মূলত অভিনয় করার ইচ্ছা থেকেই কাজটি করতে এগিয়ে যান। রেদওয়ান রনিকে ভালো পরিচালক মনে হওয়া এবং ‘আইসক্রিম’-এর গল্পের প্রতি আগ্রহ তাঁকে সিনেমাটিতে যুক্ত হতে উৎসাহিত করেছিল।
তুষি আরও বলেন, ছবিটি করার পর সিনেমা ও অভিনয় সম্পর্কে তাঁর অনেক অভিজ্ঞতা হয়েছে। পেছন ফিরে তাকালে অবাক লাগে, কীভাবে কাজটি করেছিলেন এবং এরই মধ্যে দশ বছর পেরিয়ে গেছে।
‘আইসক্রিম’ নামকরণের পেছনেও রয়েছে সম্পর্কের রূপক। পরিচালক রেদওয়ান রনি জানিয়েছিলেন, সিনেমাটিতে তিনি একটি সম্পর্কের গল্প বলতে চেয়েছেন। তাঁর ব্যাখ্যায়, সম্পর্ক আইসক্রিমের মতো—এটি ঠিক রাখতে হলে নির্দিষ্ট তাপমাত্রা বজায় রাখতে হয়।
সিনেমাটির গানগুলোতে কণ্ঠ দিয়েছেন অর্ণব, আরমিন মুসা, শারমিন সুলতানা সুমি ও মিনার রহমান। রাজ ও তুষির পাশাপাশি এতে অভিনয় করেছেন উদয়, এ টি এম শামসুজ্জামান, দিতি, ওমর সানি, সায়েম সাদাত ও নাদিয়া খানম।
দীর্ঘ বিরতির পর ওটিটিতে মুক্তির মাধ্যমে নতুন দর্শকদের কাছে পৌঁছানোর সুযোগ পাচ্ছে ‘আইসক্রিম’। একই সঙ্গে রাজ ও তুষির অভিনয়জীবনের শুরুর দিকের কাজটি আবার দেখার সুযোগ তৈরি হচ্ছে তাঁদের ভক্তদের জন্য।
আইসক্রিম সিনেমা শরিফুল রাজ নাজিফা তুষি
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!