যুক্তরাষ্ট্র   শুক্রবার ২৩ অক্টোবর ২০২৬,৭ কার্তিক ১৪৩৩

এআইয়ের ভুয়া ভিডিও নিয়ে মুখ খুললেন পরীমণি

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২০ অক্টোবর ২০২৬, ০২:০০ PM ১৭
এআইয়ের ভুয়া ভিডিও নিয়ে মুখ খুললেন পরীমণি

অভিনেত্রী পরীমণি। ছবি: সংগৃহীত

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি আপত্তিকর ভুয়া ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনায় প্রতিবাদ জানিয়েছেন চিত্রনায়িকা পরীমণি। প্রযুক্তির অপব্যবহারে নারীদের হয়রানির বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার আহ্বান জানিয়ে তিনি বলেছেন, এমন পরিস্থিতিতে নীরব থাকা উচিত নয়।

সম্প্রতি পরীমণিকে নিয়ে তৈরি একটি ভুয়া ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ নিয়ে প্রথমে ফেসবুকে লাইভে এসে প্রতিক্রিয়া জানান অভিনেত্রী। পরে গণমাধ্যমের সঙ্গেও কথা বলেন তিনি। তার প্রতিবাদী অবস্থানের প্রতি অনেকে সমর্থন জানিয়েছেন। এই সমর্থন তাকে সাহস জোগাচ্ছে বলে জানান পরী।

অভিনেত্রী বলেন, ‘সবাই যখন আমার সাহসকে সম্মান জানায়, তখন আরও সাহস পাই। মনে হয়, আমি সঠিক পথে আছি।’

সোমবার একটি শোরুম উদ্বোধন অনুষ্ঠানে অংশ নিয়ে নিজের জীবনে বারবার নানা ঝামেলা আসার প্রসঙ্গেও কথা বলেন পরীমণি। এ বিষয়ে তার মন্তব্য, ‘আমার কপালে মনে হয় এটাই লেখা আছে, সারা জীবন ঝামেলা হবে আর ঝামেলা নিয়েই যাব। এটা আমি মেনে নিয়েছি। আমার ভালো লাগে, এনজয় করি।’

এআই দিয়ে তৈরি ভুয়া ভিডিওর বিষয়টি প্রথম দিকে গুরুত্ব দেননি বলে জানান অভিনেত্রী। তবে পরিস্থিতি এড়িয়ে যাওয়া সম্ভব না হওয়ায় প্রকাশ্যে প্রতিবাদ করার সিদ্ধান্ত নেন তিনি। পরীমণির ভাষ্য, ‘বিষয়টা অনেক সেনসিটিভ। আমার মতো মানুষ এটা গায়ে লাগানোর কথা না। প্রথম তিন-চার দিন তো পাত্তা দিইনি। যখন দেখলাম, এটা আর এভয়েড করতে পারছি না, তখন গিয়ে কথা বললাম।’

এ ধরনের ঘটনায় অন্য নারীদের মানসিকভাবে বিপর্যস্ত হওয়ার আশঙ্কার কথাও তুলে ধরেন পরী। তিনি বলেন, ‘কোনো সাধারণ মেয়ের ক্ষেত্রে হলে অনেকে সুইসাইডও করে ফেলে। সেসব নিয়ে অহরহ নিউজ হয়েছে। সুতরাং এ বিষয়ে নিয়ে সোচ্চার হওয়া জরুরি।’

প্রযুক্তির অপব্যবহার করে নারীদের বিরুদ্ধে আপত্তিকর কনটেন্ট তৈরি ও ছড়িয়ে দেওয়ার ঘটনাকে সংবেদনশীল হিসেবে উল্লেখ করে পরীমণি এর বিরুদ্ধে প্রতিবাদ এবং দায়ীদের জবাবদিহির আওতায় আনার প্রয়োজনীয়তার কথা বলেছেন।

পরীমণি এআই দিয়ে ভুয়া ভিডিও

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!