ছবি: সংগৃহীত
শৈশবের দুর্গাপূজা, পরিবারের সঙ্গে উৎসব আর মহাষ্টমীর ভোগ—বগুড়ায় কাটানো সেই দিনগুলো এখনো মনে দাগ কেটে আছে ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাসের। সময়ের সঙ্গে বদলেছে তাঁর জীবন ও পূজা উদ্যাপনের ধরন, তবে ছোটবেলার আনন্দঘন স্মৃতিগুলো রয়ে গেছে আগের মতোই উজ্জ্বল।
পূজার স্মৃতিচারণায় অপু বলেন, উৎসবের আনন্দ এখনো অটুট থাকলেও উদ্যাপনের ধরন বদলেছে। ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত বগুড়ায় কাটানো দিনগুলোর কথা মনে পড়ে তাঁর। সেই সময়ের উচ্ছ্বাস ভাষায় প্রকাশ করা কঠিন বলেও জানান অভিনেত্রী।
অপুর শৈশব কেটেছে বগুড়ায়। পূজার সময় বাবা-মা, কাকা-কাকি ও আত্মীয়স্বজনদের নিয়ে তাঁদের বাড়িতে উৎসবের আবহ তৈরি হতো। পরিবারের সবাই একসঙ্গে থাকায় দিনগুলো হয়ে উঠত আনন্দময়। ভোরে নতুন পোশাক পরে প্রতিমা দেখতে বের হওয়া, বিভিন্ন মণ্ডপ ঘুরে পূজার পরিবেশ উপভোগ করা এবং বাড়ি ফিরে মায়ের তৈরি খাবার খাওয়া—এসবই ছিল তাঁর শৈশবের পূজার অবিচ্ছেদ্য অংশ।
মহাষ্টমীর ভোগের স্মৃতিও বিশেষভাবে মনে রেখেছেন অপু। খিচুড়ি, লাবড়া ও বিভিন্ন ধরনের ভাজা ছিল তাঁর পছন্দের খাবার। পরিবারের সদস্যদের সঙ্গে একসঙ্গে বসে ভোগ খাওয়ার মুহূর্তগুলোতে খাবারের স্বাদের পাশাপাশি মায়ের স্নেহ ও পারিবারিক উষ্ণতাও জড়িয়ে থাকত। তাই পুরোনো দিনের কথা মনে হলে সেই উৎসবের দৃশ্যগুলো এখনো তাঁর মনে ভেসে ওঠে।
শৈশবের নির্ভার সময় পেরিয়ে অপু বিশ্বাস এখন ঢালিউডের প্রতিষ্ঠিত অভিনেত্রী। প্রায় দুই দশকের অভিনয়জীবনে নানা অভিজ্ঞতার মধ্য দিয়ে এগিয়েছেন তিনি। অভিনয়ের পাশাপাশি প্রযোজনাতেও যুক্ত হয়েছেন। ‘লাল শাড়ি’ সিনেমার মাধ্যমে প্রযোজক হিসেবে যাত্রা শুরু করেন অপু। কাজের ব্যস্ততা ও নানা দায়িত্বের মাঝেও দুর্গাপূজা তাঁকে ফিরিয়ে নিয়ে যায় বগুড়ায় কাটানো সেই স্মৃতিময় দিনগুলোতে।
অপু বিশ্বাস দুর্গাপূজা পূজার স্মৃতি ঢালিউড লাল শাড়ি
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!