যুক্তরাষ্ট্র   শুক্রবার ২৩ অক্টোবর ২০২৬,৭ কার্তিক ১৪৩৩

গোলাপি শাড়ি-নীল ব্লাউজে আলিয়ার বাঙালি সাজ

সাইফুল ইসলাম জয়

সাইফুল ইসলাম জয়

প্রকাশিত: ২১ অক্টোবর ২০২৬, ০২:৩৯ PM ১৪
গোলাপি শাড়ি-নীল ব্লাউজে আলিয়ার বাঙালি সাজ

বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। ছবি: সংগৃহীত

দুর্গাপূজার উৎসবের আবহে বাঙালি ঐতিহ্যের সাজে নজর কাড়লেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। গাঢ় গোলাপি শাড়ি, নীল ব্লাউজ আর সোনালি গয়নায় তাঁর উপস্থিতি ভক্তদের মধ্যে আলোচনার জন্ম দিয়েছে। ঐতিহ্যবাহী পোশাকের সঙ্গে রঙের ব্যতিক্রমী সমন্বয়ে অভিনেত্রীর সাজে ফুটে উঠেছে বাঙালিয়ানার ছোঁয়া।

মুম্বাইয়ের ৮০তম নর্থ বম্বে সর্বজনীন দুর্গাপূজার আয়োজনে অংশ নিতে গত ১৯ অক্টোবর মণ্ডপে যান আলিয়া। মহাষ্টমী ও মহানবমীর উদ্‌যাপন ঘিরে আয়োজিত অনুষ্ঠানে তাঁর সঙ্গে ছিলেন চলচ্চিত্র পরিচালক অয়ন মুখার্জি। পূজার আনুষ্ঠানিকতায় অংশ নেওয়ার পাশাপাশি অভিনেত্রীর পোশাক ও সাজসজ্জা উপস্থিত দর্শকদের দৃষ্টি আকর্ষণ করে।

আলিয়ার পরনে ছিল উজ্জ্বল ফুশিয়া গোলাপি শাড়ি, যার সোনালি গোটাপট্টির কাজ পোশাকে এনেছে আভিজাত্য। বাঙালি রীতিতে শাড়ি পরেছিলেন তিনি। শাড়ির সঙ্গে ফিরোজা-নীল ব্লাউজের বৈপরীত্য তাঁর সাজকে করেছে আরও আকর্ষণীয়। গোলাকার গলার নকশা, ছোট পাফ স্লিভ এবং ব্লাউজের পেছনের সোনালি কারুকাজেও ছিল বিশেষত্ব।

পোশাকের সঙ্গে সোনালি ঝুমকা, ইয়ার চেইন, হাতে একাধিক চুড়ি ও নকশাদার আংটি পরেছিলেন অভিনেত্রী। মাঝখানে সিঁথি করে চুল পরিপাটি খোঁপায় বাঁধেন। খোঁপায় রঙিন ফুলের সাজ, কপালে ছোট টিপ এবং হালকা মেকআপে পূর্ণতা পায় তাঁর উৎসবের লুক। গোলাপি ও নীলের সমন্বয়ে সাবেকি সাজে আধুনিকতার ছোঁয়া এনেছেন আলিয়া।

উৎসবের পাশাপাশি সিনেমার কাজ নিয়েও ব্যস্ত সময় পার করছেন অভিনেত্রী। পরিচালক সঞ্জয় লীলা বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’ চলচ্চিত্রে অভিনয় করছেন তিনি। সিনেমাটিতে তাঁর সহশিল্পী রণবীর কাপুর ও ভিকি কৌশল। বহুল প্রতীক্ষিত ছবিটি ২০২৭ সালের জানুয়ারিতে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

আলিয়া ভাট দুর্গাপূজা বলিউড ফ্যাশন বিনোদন

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!