বিয়ে ও জীবনসঙ্গী বেছে নেওয়া নিয়ে নিজের ভাবনা জানিয়েছেন অভিনেত্রী নুসরাত ফারিয়া। ছবি: সংগৃহীত
বিয়ের জন্য নির্দিষ্ট কোনো বয়সের চেয়ে মানসিক পরিপক্বতা ও পারস্পরিক বোঝাপড়াকে বেশি গুরুত্ব দেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। জীবনে যখন থিতু হওয়ার প্রয়োজন অনুভব করবেন, তখনই বিয়ের সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন তিনি। সম্প্রতি গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে ব্যক্তিগত জীবন ও বিয়ের পরিকল্পনা নিয়ে কথা বলেন অভিনেত্রী।
২০২০ সালের মার্চে রনি রিয়াদ রশিদের সঙ্গে বাগদান হয়েছিল নুসরাত ফারিয়ার। ওই বছরের ডিসেম্বরে তাঁদের বিয়ের পরিকল্পনা থাকলেও পরে বাগদান ভেঙে যায়। এরপর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও বিয়ে নিয়ে তাড়াহুড়া করছেন না তিনি।
বিয়েতে বয়সের চেয়ে মানসিক প্রস্তুতি বেশি জরুরি কি না, এমন প্রশ্নের উত্তরে ফারিয়া বলেন, নারী-পুরুষ উভয়ের ক্ষেত্রেই মানসিক পরিপক্বতা গুরুত্বপূর্ণ। একা জীবন কাটানো সহজ হতে পারে, কিন্তু সংসার পরিচালনার জন্য ধৈর্য, বুদ্ধিমত্তা ও একে অপরকে বোঝার ক্ষমতা দরকার। জীবনসঙ্গী বেছে নেওয়ার আগে তাঁকে ভালোভাবে জানা এবং নিজের অহংবোধ নিয়ন্ত্রণে রাখার বিষয়েও গুরুত্ব দেন তিনি।
বিয়ের সিদ্ধান্ত নেওয়ার পর নতুন কোনো লক্ষ্য সামনে এলে জীবনসঙ্গীকে সঙ্গে নিয়েই এগিয়ে যেতে চান অভিনেত্রী। তাঁর আশা, উপযুক্ত সময় এলে সেই মানসিক প্রস্তুতি তৈরি হবে এবং তখন বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন।
জীবনসঙ্গী নির্বাচনে ভালোবাসার পাশাপাশি বন্ধুত্বকেও বিশেষ গুরুত্ব দেন নুসরাত ফারিয়া। তাঁর মতে, জীবনের নানা পর্যায়ে অনেক কিছু বদলে যেতে পারে, সন্তানও একসময় নিজের জীবন নিয়ে ব্যস্ত হবে। শেষ পর্যন্ত দুজন মানুষের একসঙ্গে থাকার বিষয়টি গুরুত্বপূর্ণ। তাই এমন কাউকে জীবনসঙ্গী হিসেবে বেছে নেওয়া উচিত, যার সঙ্গে দীর্ঘ সময় কাটাতে ভালো লাগে এবং ভালোবাসার পাশাপাশি পারস্পরিক বন্ধুত্বও থাকে।
এদিকে, নুসরাত ফারিয়ার অভিনীত কয়েকটি সিনেমা ও ওয়েব কনটেন্ট মুক্তির অপেক্ষায় রয়েছে। বিউটি উইথ ব্রেনের ‘লাপাত্তা’ ওটিটিতে আসার কথা রয়েছে। পরিচালক মেহেদী হাসান হৃদয়। অনম বিশ্বাসের ‘ঠিকানা বাংলাদেশ’ আগামী ডিসেম্বরে মুক্তি পেতে পারে। পাশাপাশি এম এইচ খোকনের পরিচালনায় ‘লজ্জা’ সিনেমার শুটিং চলছে, যেখানে অভিনয় করছেন ফারিয়া।
নুসরাত ফারিয়া
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!