যুক্তরাষ্ট্র   শুক্রবার ২৩ অক্টোবর ২০২৬,৭ কার্তিক ১৪৩৩

এএফআইয়ের আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২২ অক্টোবর ২০২৬, ০২:৫৫ PM ৬
এএফআইয়ের আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

টম ক্রুজ ছবি: সংগৃহীত

হলিউডের অভিনেতা ও প্রযোজক টম ক্রুজকে চলচ্চিত্রে অবদানের স্বীকৃতি হিসেবে আজীবন সম্মাননা দিতে যাচ্ছে আমেরিকান ফিল্ম ইনস্টিটিউট (এএফআই)। প্রতিষ্ঠানটির ৫২তম ‘লাইফ অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড’-এর জন্য নির্বাচিত হয়েছেন তিনি। আগামী বছরের ২৪ এপ্রিল যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে আয়োজিত অনুষ্ঠানে তাঁর হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।

এএফআইয়ের পরিচালনা পর্ষদের চেয়ারপারসন ক্যাথলিন কেনেডি এক বিবৃতিতে ক্রুজের কাজের প্রশংসা করেছেন। তাঁর ভাষ্য, অভিনেতা ও প্রযোজক হিসেবে ক্রুজের চলচ্চিত্রের প্রতি নিবেদন অসাধারণ। সিনেমার মাধ্যমে বিশ্বের মানুষকে একত্র করার শক্তিতে তাঁর বিশ্বাস তাঁকে মার্কিন চলচ্চিত্রের একজন গুরুত্বপূর্ণ প্রতিনিধি করে তুলেছে। ক্রুজকে এই সম্মাননা দিতে পারা এএফআইয়ের জন্য গর্বের বলেও জানান কেনেডি।

চার দশকের বেশি সময় ধরে চলচ্চিত্রে কাজ করছেন টম ক্রুজ। ১৯৮১ সালে অভিনয়জীবন শুরু করা এই তারকার সিনেমাগুলো বিশ্বজুড়ে বক্স অফিসে মোট ১৩ দশমিক ৩ বিলিয়ন ডলারের বেশি আয় করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

‘রিস্কি বিজনেস’, ‘টপ গান’, ‘মাইনরিটি রিপোর্ট’, ‘ইন্টারভিউ উইথ দ্য ভ্যাম্পায়ার’, ‘আ ফিউ গুড মেন’, ‘দ্য ফার্ম’ এবং ‘মিশন: ইমপসিবল’ সিরিজ তাঁর উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে। অভিনয়ের জন্য একাধিকবার অস্কারের মনোনয়ন পেলেও প্রতিযোগিতামূলক বিভাগে পুরস্কার পাননি তিনি। তবে চলচ্চিত্রে সামগ্রিক অবদানের জন্য ২০২৫ সালে সম্মানসূচক অস্কার পেয়েছেন ক্রুজ। এবার এএফআইয়ের আজীবন সম্মাননা তাঁর অর্জনের তালিকায় যুক্ত হতে যাচ্ছে।

টম ক্রুজ এএফআই

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!