বরিশালের উজিরপুরের সাতলা বিলে ফুটে থাকা শাপলা। ছবি: সংগৃহীত
বরিশালের উজিরপুরের সাতলা বিল প্রতিবছরই লাল শাপলার সৌন্দর্যে আকৃষ্ট করে পর্যটকদের। পানির ওপর ছড়িয়ে থাকা অসংখ্য শাপলা, ছোট নৌকার চলাচল আর চারপাশের প্রাকৃতিক পরিবেশ মিলে বর্ষা মৌসুমে বিলটি হয়ে ওঠে দর্শনার্থীদের অন্যতম আকর্ষণ। এবার সেই প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গে যুক্ত হচ্ছে নতুন কিছু পর্যটন সুবিধা।
সাতলা বিলকে আরও আকর্ষণীয় ও দর্শনার্থীবান্ধব করে গড়ে তুলতে প্রবেশপথে দৃষ্টিনন্দন তোরণ, ভিউ পয়েন্ট ও ঘাটলা নির্মাণের কাজ চলছে। পাশাপাশি পর্যটকদের বসার জায়গা, নৌযান চলাচলের নিরাপত্তা, স্যানিটেশন এবং বর্জ্য ব্যবস্থাপনার মতো সুবিধা ধাপে ধাপে যুক্ত করার পরিকল্পনা রয়েছে।
উপজেলা প্রশাসন সূত্র জানায়, সাতলা বিলের পর্যটন উন্নয়নে গত বছর ১৫ লাখ টাকা এবং চলতি বছর আরও ৫ লাখ টাকার কাজ নেওয়া হয়েছে। পটিবাড়ি ও মুড়িবাড়িতে দুটি ভিউ পয়েন্ট নির্মাণ করা হচ্ছে। এর মধ্যে মুড়িবাড়ি ভিউ পয়েন্টের তোরণ নির্মাণ প্রায় শেষ পর্যায়ে। এ অংশের প্রায় ৮০ শতাংশ কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। বাকি রয়েছে টাইলস বসানোর কাজ, যা চলতি সপ্তাহে শেষ হওয়ার কথা।
প্রথম ধাপে পর্যটকদের প্রবেশ ও চলাচলের সুবিধার জন্য প্রবেশপথ, ভিউ পয়েন্ট এবং ঘাটলা নির্মাণ করা হচ্ছে। পরবর্তী সময়ে দর্শনার্থীদের বসার স্থানসহ অন্যান্য প্রয়োজনীয় সুবিধা তৈরি করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সাতলার শাপলা বিলের সৌন্দর্য দেখতে প্রতি বছর দেশের বিভিন্ন এলাকা থেকে বিপুলসংখ্যক মানুষ সেখানে যান। পর্যটকদের ঘুরিয়ে দেখানোর জন্য বিলে অর্ধশতাধিক নৌকা চলাচল করে। এতে স্থানীয় নৌকার মালিক ও চালকদের পাশাপাশি শাপলা বিক্রির সঙ্গে যুক্ত মানুষেরও আয় হয়। ফলে পর্যটনকেন্দ্রটির বিকাশের সঙ্গে স্থানীয় অর্থনীতিরও সম্পর্ক তৈরি হয়েছে।
উজিরপুর উপজেলা প্রশাসন আরও জানায়, সাতলা বিলের প্রায় ১০ হাজার একর এলাকাকে কেন্দ্র করে পর্যটনের সম্ভাবনা কাজে লাগানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এ এলাকার প্রাকৃতিক সৌন্দর্য দেশজুড়ে তুলে ধরতে স্থিরচিত্র ও ভিডিওচিত্র তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারের পরিকল্পনাও রয়েছে।
সংশ্লিষ্টদের প্রত্যাশা, চলমান অবকাঠামোগত কাজ শেষ হলে সাতলা বিলের পর্যটন সুবিধা বাড়বে। একই সঙ্গে দর্শনার্থীদের জন্য আরও সুন্দর ও পরিকল্পিত পরিবেশ তৈরি হওয়ার পাশাপাশি স্থানীয় মানুষের আয়-রোজগারের সুযোগও বাড়তে পারে।
বরিশাল উজিরপুর সাতলা বিল শাপলা পর্যটন দর্শনার্থী প্রাকৃতিক সৌন্দর্য
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!