যুক্তরাষ্ট্র   শনিবার ২৪ অক্টোবর ২০২৬,৮ কার্তিক ১৪৩৩

ইউরোপজুড়ে ভয়াবহ তাপপ্রবাহ, ফ্রান্সে অতিরিক্ত গরমে অন্তত ১ হাজার মানুষের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৮ জুন ২০২৬, ০৫:১৬ PM | সর্বশেষ আপডেট: ২৮ জুন ২০২৬, ০৫:১৭ PM ৯১
ইউরোপজুড়ে ভয়াবহ তাপপ্রবাহ, ফ্রান্সে অতিরিক্ত গরমে অন্তত ১ হাজার মানুষের মৃত্যু

ছবি : সংগৃহীত

ইউরোপজুড়ে চলমান তীব্র ও রেকর্ড ভাঙা তাপপ্রবাহে ফ্রান্সে অন্তত ১ হাজার মানুষের অতিরিক্ত মৃত্যুর তথ্য পাওয়া গেছে। দেশটির জনস্বাস্থ্য সংস্থা জানিয়েছে, গরমজনিত অসুস্থতার কারণে এই মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে।

রোববার প্রকাশিত এক পরিসংখ্যানে স্যঁতে পাবলিক (Santé Publique) জানায়, মৃতদের বেশিরভাগই প্রবীণ। বিশেষ করে ৬৫ বছর বা তার বেশি বয়সীদের মধ্যে মৃত্যুর হার সবচেয়ে বেশি। তবে কেয়ার হোম ও বাসাবাড়িতে মৃত্যুর পূর্ণাঙ্গ তথ্য যুক্ত হলে মোট সংখ্যা আরও বৃদ্ধি পেতে পারে বলে সতর্ক করেছে সংস্থাটি।

বর্তমানে ইউরোপজুড়ে অস্বাভাবিক তাপমাত্রা বিরাজ করছে, যার কারণে কোটি কোটি মানুষ চরম দুর্ভোগে পড়েছে। তাপপ্রবাহের ফলে শুধু মানুষের জীবনই নয়, বিদ্যুৎ উৎপাদন, অবকাঠামো ও দৈনন্দিন কার্যক্রমও মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

বিজ্ঞানীদের মতে, গত ২০ জুন থেকে শুরু হওয়া এই তাপপ্রবাহ ইউরোপের ইতিহাসে অন্যতম ভয়াবহ। জলবায়ু পরিবর্তনের কারণে ইউরোপের তাপমাত্রা বৈশ্বিক গড়ের তুলনায় দ্রুত বৃদ্ধি পাচ্ছে বলে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন।

ফ্রান্সের আবহাওয়া সংস্থা জানিয়েছে, তাপপ্রবাহ ধীরে ধীরে পূর্ব দিকে সরে যাচ্ছে। তবে কিছু অঞ্চলে এখনও উচ্চ তাপমাত্রার সতর্কতা জারি রয়েছে।

দেশটির স্বাস্থ্যমন্ত্রী স্তেফানি রিস্ট বলেন, তাপমাত্রা কমে এলেও এর প্রভাব দীর্ঘস্থায়ী হতে পারে। তার মতে, এই পরিস্থিতির প্রভাব স্বাভাবিক হতে আরও প্রায় ১০ দিন সময় লাগতে পারে।

স্বাস্থ্য সংস্থাগুলো সতর্ক করেছে, তীব্র এই গরম সব বয়সী মানুষের জন্য ঝুঁকিপূর্ণ হলেও প্রবীণরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

ফ্রান্স গরম অধিক তাপমাত্রা

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!