যুক্তরাষ্ট্র   শুক্রবার ২৩ অক্টোবর ২০২৬,৭ কার্তিক ১৪৩৩

ইউক্রেনে রাশিয়ার ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা, নিহত বেড়ে ২৭

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৩ জুলাই ২০২৬, ০৩:৫৪ AM | সর্বশেষ আপডেট: ০৩ জুলাই ২০২৬, ০১:৫৫ PM ১১০
ইউক্রেনে রাশিয়ার ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা, নিহত বেড়ে ২৭

রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার পর কিয়েভের আকাশে ধোঁয়ার কুণ্ডলী। ছবিঃ সংগৃহীত

ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২৭ জনে পৌঁছেছে। আহত হয়েছেন অন্তত ৯১ জন। ইউক্রেনীয় কর্মকর্তারা এটিকে রাজধানীতে সাম্প্রতিক সময়ের অন্যতম বড় হামলা হিসেবে উল্লেখ করেছেন। অন্যদিকে, মস্কো দাবি করেছে, ইউক্রেনের হামলার জবাবে তারা সামরিক স্থাপনাকে লক্ষ্য করেই এ অভিযান পরিচালনা করেছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হওয়ায় নিহতের সংখ্যা বেড়ে ২৭ জনে দাঁড়িয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান তৈমুর তকাচেনকো।

কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো জানিয়েছেন, হামলায় ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলোর মধ্যে একটি অ্যাম্বুলেন্স স্টেশনও রয়েছে। শহরের বিভিন্ন এলাকায় বিস্ফোরণে ভবন, অবকাঠামো এবং আবাসিক এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।

ইউক্রেনীয় কর্মকর্তাদের দাবি, আগের কিছু হামলায় প্রাণহানি বেশি হলেও এবারের অভিযানে রাশিয়া বিপুল সংখ্যক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। রাজধানীর বিস্তীর্ণ এলাকাজুড়ে একযোগে হামলা চালানো হয়, যার ফলে জরুরি সেবা কার্যক্রমও ব্যাহত হয়।

হামলার কয়েক ঘণ্টা আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সতর্ক করে বলেছিলেন, রাশিয়া বড় ধরনের হামলার প্রস্তুতি নিচ্ছে। সতর্কতার পর রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।

এদিকে, ক্রেমলিনের পক্ষ থেকে জানানো হয়েছে, রাশিয়ার বেসামরিক অবকাঠামোতে ইউক্রেনের হামলার প্রতিক্রিয়ায় কিয়েভের সামরিক কারখানাগুলোকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, নিজেদের লক্ষ্য অর্জনে কিয়েভ সরকারের ওপর চাপ অব্যাহত রাখবে রাশিয়া।

তবে রাশিয়ার এই দাবি প্রত্যাখ্যান করেছে ইউক্রেন। দেশটির কর্মকর্তারা অভিযোগ করেছেন, রুশ বাহিনী ইচ্ছাকৃতভাবে আবাসিক এলাকাগুলোকে লক্ষ্যবস্তু করছে। কিয়েভ সামরিক প্রশাসনের প্রধান তৈমুর তকাচেনকো বলেন, হতাহতদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক শিশু রয়েছে এবং বেসামরিক জনগণকে লক্ষ্য করেই হামলা চালানো হয়েছে বলে তাদের ধারণা।

কিয়েভ মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, হামলার সময় নিরাপত্তার জন্য প্রায় ৫২ হাজার ৫০০ মানুষ মেট্রোর ভূগর্ভস্থ স্টেশনগুলোতে আশ্রয় নেন। তাদের মধ্যে প্রায় ৪ হাজার ৫০০ শিশু ছিল। সাম্প্রতিক বছরগুলোর মধ্যে রাজধানীতে এটিই সর্বোচ্চ সংখ্যক মানুষের একযোগে আশ্রয় নেওয়ার ঘটনা।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অব্যাহত থাকায় দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে বেসামরিক এলাকায় হামলার অভিযোগ করে আসছে। তবে যুদ্ধক্ষেত্রের অনেক তথ্য স্বাধীনভাবে তাৎক্ষণিকভাবে যাচাই করা সম্ভব হয় না, ফলে উভয় পক্ষের দাবির সত্যতা যাচাই এখনও চলমান।

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!