যুক্তরাষ্ট্র   শনিবার ২৪ অক্টোবর ২০২৬,৮ কার্তিক ১৪৩৩

মোদী-পেজেশকিয়ান বৈঠকে পশ্চিম এশিয়ার সংকট ও সমুদ্রপথের নিরাপত্তা নিয়ে আলোচনা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২ PM ৪৫
মোদী-পেজেশকিয়ান বৈঠকে পশ্চিম এশিয়ার সংকট ও সমুদ্রপথের নিরাপত্তা নিয়ে আলোচনা

ছবি: সংগৃহীত

পশ্চিম এশিয়ার চলমান সংকট নিরসনে সংলাপ ও কূটনীতির মাধ্যমে সমাধানের পথ খোঁজার ওপর গুরুত্ব দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একই সঙ্গে বাণিজ্যিক জাহাজের নির্বিঘ্ন চলাচল, পণ্য পরিবহন এবং নাবিকদের নিরাপত্তা নিশ্চিত করার প্রয়োজনীয়তার কথা বলেছেন তিনি।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) নয়াদিল্লিতে ব্রিকস সম্মেলনের আগে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে এসব বিষয়ে আলোচনা করেন মোদী।

ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে, পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতিতে আঞ্চলিক স্থিতিশীলতা নয়াদিল্লির জন্য গুরুত্বপূর্ণ। এর পাশাপাশি নিরাপদ সমুদ্রপথ এবং নাবিকদের সুরক্ষাকেও অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

বৈঠকে ইরানের ব্রিকস-সংক্রান্ত কার্যক্রমে অংশগ্রহণের জন্য পেজেশকিয়ানকে ধন্যবাদ জানান মোদী। কঠিন পরিস্থিতির মধ্যেও ইরানের প্রেসিডেন্টের ভারত সফর এবং ব্রিকসের কার্যক্রমে অংশ নেওয়ার বিষয়টিকে নয়াদিল্লি গুরুত্ব দিয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

পশ্চিম এশিয়ার সংঘাতের দীর্ঘমেয়াদি সমাধানের ক্ষেত্রে ভারত আগে থেকেই সংলাপ ও কূটনীতিকে গুরুত্ব দিয়ে আসছে। এবারের বৈঠকেও সেই অবস্থানের প্রতিফলন দেখা যায়।

এদিকে সাম্প্রতিক সংঘাতের প্রেক্ষাপটে সমুদ্রপথের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। ভারতীয় নাগরিকদের প্রাণহানির ঘটনাও দেশটির উদ্বেগ বাড়িয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এ পরিস্থিতিতে মোদী বাণিজ্যিক জাহাজের নিরাপদ চলাচল এবং নাবিকদের সুরক্ষার বিষয়টি আলোচনায় গুরুত্ব দেন।

বৈঠকটি অনুষ্ঠিত হয় নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলনের আগে। ভারত ও ইরানের দ্বিপক্ষীয় আলোচনার পাশাপাশি আঞ্চলিক নিরাপত্তা ও ব্রিকসের কার্যক্রমও বৈঠকের প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ ছিল।

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!