যুক্তরাষ্ট্র   শুক্রবার ২৩ অক্টোবর ২০২৬,৭ কার্তিক ১৪৩৩

দিল্লিতে পুতিনের ‘ডুমসডে প্লেন’, নিরাপত্তা ও প্রযুক্তিতে কতটা শক্তিশালী এই উড়োজাহাজ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৮ PM ৫৮
দিল্লিতে পুতিনের ‘ডুমসডে প্লেন’, নিরাপত্তা ও প্রযুক্তিতে কতটা শক্তিশালী এই উড়োজাহাজ

ছবি:সংগৃহীত

ব্রিকস শীর্ষ সম্মেলনে অংশ নিতে তিন দিনের রাষ্ট্রীয় সফরে ভারতে গেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তাঁর সফরকে ঘিরে নয়াদিল্লিতে কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। এর মধ্যেই পুতিনের বিশেষ প্রেসিডেনশিয়াল উড়োজাহাজটি ব্যাপকভাবে আলোচনায় এসেছে।

পুতিন যে বিমানটি ব্যবহার করছেন সেটি ইল্যুশিন আইএল-৯৬-৩০০পিইউ মডেলের বিশেষভাবে পরিবর্তিত সংস্করণ। অত্যাধুনিক যোগাযোগ ও নিরাপত্তা ব্যবস্থার কারণে বিমানটি আন্তর্জাতিকভাবে ‘ফ্লাইং ক্রেমলিন’ এবং ‘ডুমসডে প্লেন’ নামেও পরিচিত।

পুতিনের নিরাপত্তা নিশ্চিত করতে রাশিয়া থেকে একই ধরনের দুটি উড়োজাহাজ ভারতে আনা হয়েছে। এর একটি মূল বিমান হিসেবে ব্যবহৃত হলেও অন্যটি ডিকয় হিসেবে কাজ করে।

দুটি বিমান দেখতে প্রায় একই হওয়ায় বাইরে থেকে কোনটিতে রুশ প্রেসিডেন্ট রয়েছেন, তা শনাক্ত করা কঠিন। আন্তর্জাতিক সফরে পুতিনের নিরাপত্তার জন্য এমন কৌশল আগেও ব্যবহার করা হয়েছে।

ইল্যুশিন আইএল-৯৬-৩০০পিইউ মূলত আইএল-৯৬-৩০০ মডেলের ওপর ভিত্তি করে তৈরি বিশেষায়িত প্রেসিডেনশিয়াল বিমান। চার ইঞ্জিনের এই দীর্ঘপাল্লার উড়োজাহাজে প্রেসিডেন্টের ভ্রমণের পাশাপাশি জরুরি পরিস্থিতিতে রাষ্ট্রীয় কার্যক্রম পরিচালনার উপযোগী বিভিন্ন ব্যবস্থা রয়েছে।

বিমানটিতে উন্নত এনক্রিপ্টেড যোগাযোগ প্রযুক্তি রয়েছে। এর মাধ্যমে রাশিয়ার সামরিক বাহিনী, গোয়েন্দা সংস্থা ও সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে নিরাপদ যোগাযোগ রাখা সম্ভব বলে জানা যায়।

এ ছাড়া বিমানটিতে স্যাটেলাইট যোগাযোগ, বিশেষায়িত রেডিও চ্যানেল এবং বিভিন্ন প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে। জরুরি পরিস্থিতিতে এটি আকাশে থাকা অবস্থায় একটি মোবাইল কমান্ড সেন্টারের মতো ব্যবহার করা যেতে পারে।

বিমানটি অ্যাভিয়াদভিগাটেল পিএস-৯০এ টার্বোফ্যান ইঞ্জিন ব্যবহার করে। এর সর্বোচ্চ উড্ডয়ন পরিসর প্রায় ১১ হাজার কিলোমিটার বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

উড়োজাহাজটির দৈর্ঘ্য প্রায় ৫৫ দশমিক ৩৫ মিটার এবং ডানার বিস্তার প্রায় ৬০ দশমিক ১২ মিটার। রাশিয়ার বিশেষ ফ্লাইট স্কোয়াড্রন বিমানটি পরিচালনা করে।

শুধু নিরাপত্তা ও যোগাযোগ প্রযুক্তিই নয়, প্রেসিডেন্টের দীর্ঘ সফরের কথা মাথায় রেখে বিমানটির ভেতরে বিলাসবহুল নানা সুবিধাও রাখা হয়েছে।

এর মধ্যে রয়েছে ব্যক্তিগত স্যুট, শয়নকক্ষ, বাথরুম, রান্নাঘর ও ডাইনিং স্পেস। গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় বৈঠকের জন্য রয়েছে আলাদা কনফারেন্স বা বোর্ডরুম।

ফলে পুতিনের এই বিশেষ উড়োজাহাজ শুধু একজন রাষ্ট্রপ্রধানের যাতায়াতের মাধ্যম নয়; জরুরি পরিস্থিতিতে রাষ্ট্রীয় যোগাযোগ ও সিদ্ধান্ত গ্রহণের গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবেও ব্যবহারের উপযোগী করে তৈরি করা হয়েছে।

পুতিনের বিমান রাশিয়ার বিশেষ বিমান

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!