যুক্তরাষ্ট্র   শুক্রবার ২৩ অক্টোবর ২০২৬,৭ কার্তিক ১৪৩৩

২৪১ যাত্রী নিয়ে জাভা সাগরে জাহাজ নিখোঁজ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫০ PM ৫৪
২৪১ যাত্রী নিয়ে জাভা সাগরে জাহাজ নিখোঁজ

ছবি: সংগৃহীত

ইন্দোনেশিয়ার পূর্ব জাভা থেকে দক্ষিণ কালিমানতাং যাওয়ার পথে ২৪১ যাত্রী বহনকারী একটি জাহাজের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। ‘ভার্গো ট্রান্সপোর্ট-৮’ নামের জাহাজটি খারাপ আবহাওয়ার মধ্যে পড়ার পর রোববার ১৩ সেপ্টেম্বর স্থানীয় সময় রাত ২টার দিকে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ হারায়। পরে সকালে জাহাজটির সন্ধানে অভিযান শুরু করা হয়।

স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এপি। দক্ষিণ কালিমানতাংয়ের বাঞ্জারমাসিন শহরের অনুসন্ধান ও উদ্ধার কার্যালয় জানায়, জাহাজটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার প্রায় দুই ঘণ্টা পর বিষয়টি তাদের জানানো হয়।

জাহাজটি পূর্ব জাভা প্রদেশের রাজধানী ও ইন্দোনেশিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর সুরাবায়া থেকে বাঞ্জারমাসিনের উদ্দেশে যাত্রা করেছিল। পরিচালনাকারী প্রতিষ্ঠানই প্রথম কর্তৃপক্ষকে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার খবর দেয়। অনুসন্ধান ও উদ্ধার কার্যালয়ের প্রধান ই পুতু সুদায়ানা এক ভিডিও ব্রিফিংয়ে জানান, প্রাথমিক তথ্য অনুযায়ী জাহাজটি যাত্রার সময় প্রতিকূল আবহাওয়ার মুখে পড়েছিল।

উদ্ধার সংস্থার তথ্য অনুযায়ী, জাভা সাগরে জাহাজটির সর্বশেষ অবস্থান শনাক্ত করা হয়েছে। বাঞ্জারমাসিনের একটি জেটি থেকে ওই স্থানটি প্রায় ১৪৮ কিলোমিটার বা ৯২ মাইল দূরে। যাত্রী তালিকায় জাহাজটিতে মোট ২৪১ জন যাত্রী থাকার তথ্য পাওয়া গেছে।

জাহাজটির পরিচালনাকারী প্রতিষ্ঠান পিটি ভার্গো ইয়োয়েল রিহি জানিয়েছে, ‘ভার্গো ট্রান্সপোর্ট-৮’ শনিবার স্থানীয় সময় সকাল ১০টা ১৩ মিনিটে সুরাবায়া ছাড়ে। তবে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পর এখন পর্যন্ত কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।

জাহাজটির অবস্থান শনাক্ত ও যাত্রীদের উদ্ধারে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। বাঞ্জারমাসিনের বাসিরিহ অনুসন্ধান ও উদ্ধার জেটিতে একটি উদ্ধারকারী দল পাঠানো হয়েছে। পাশাপাশি একটি উদ্ধারকারী জাহাজকে জাভা সাগরে শনাক্ত হওয়া সর্বশেষ সম্ভাব্য অবস্থানের দিকে পাঠানো হয়েছে।

ই পুতু সুদায়ানা বলেন, জাহাজটিতে যাত্রী ও ক্রুর সংখ্যা বেশি হওয়ায় তাদের সন্ধানে অনুসন্ধান ও উদ্ধার সংস্থার হাতে থাকা জনবল ও সরঞ্জাম সর্বোচ্চ মাত্রায় ব্যবহার করা হচ্ছে। সামুদ্রিক কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট অন্যান্য সংস্থার সঙ্গে সমন্বয় করেও অভিযান চালানো হচ্ছে।

উদ্ধার তৎপরতার পাশাপাশি জাহাজটির সর্বশেষ অবস্থান ঘিরে জাভা সাগরের আবহাওয়ার ওপরও নজর রাখছে কর্তৃপক্ষ। প্রতিকূল পরিস্থিতির মধ্যে অনুসন্ধান কার্যক্রম পরিচালনার সময় আবহাওয়ার পরিবর্তন বিবেচনায় নেওয়া হচ্ছে।

জাভা সাগর

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!