ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাত নিরসনে আলোচনার পথেই সমাধান খুঁজতে চায় ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানের যুদ্ধবিরতি ও হরমুজ প্রণালি খুলে দেওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করার পরও কূটনৈতিক উদ্যোগ চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে দেশটি।
রোববার (২৭ সেপ্টেম্বর) ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় বলেন, হরমুজ প্রণালি পুনরায় চালুর বিষয়টি নির্দিষ্ট কিছু শর্ত পূরণের সঙ্গে যুক্ত। তাঁর মতে, চলমান অচলাবস্থা কাটানোর কার্যকর পথ হলো আলোচনা।
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে গত সপ্তাহে কাতারের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের কাছে প্রস্তাব পাঠিয়েছিল তেহরান। সেখানে হরমুজ প্রণালি পুনরায় চালু করা এবং আঞ্চলিক সংঘাত কমানোর পথ তৈরির বিষয়টি তুলে ধরা হয়।
তবে শনিবার ট্রাম্প জানান, তিনি ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। এর পরদিন অবশ্য তিনি বলেন, চলতি সপ্তাহে ওয়াশিংটনের প্রতিনিধিদের সঙ্গে তেহরানের আরও আলোচনা হতে পারে।
আরাঘচি জানান, মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে প্রস্তাব পাঠানো হলেও এখন পর্যন্ত ওয়াশিংটনের আনুষ্ঠানিক কোনো জবাব ইরানের হাতে পৌঁছায়নি।
অন্যদিকে, ইরানের সেনাপ্রধান আমির হাতামি চলমান যুদ্ধকে ‘গুরুত্বপূর্ণ ও নির্ণায়ক’ পর্যায়ে রয়েছে বলে উল্লেখ করেছেন। ইরান বাণিজ্য করতে না পারলে আঞ্চলিক জলপথ ব্যবহার করে অন্য দেশগুলোকেও বাণিজ্যের সুযোগ দেওয়া হবে না বলে সতর্ক করেন তিনি।
২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে হামলার পর শুরু হওয়া সংঘাতে মধ্যপ্রাচ্যের আরও কয়েকটি দেশ জড়িয়ে পড়েছে। হরমুজ প্রণালিকে ঘিরে সংঘাতের কারণে তেল পরিবহন ব্যাহত হওয়ায় এর প্রভাব আন্তর্জাতিক অর্থনীতিতেও পড়ছে।
এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান জানিয়েছেন, পরমাণু কর্মসূচিসহ বিভিন্ন ইস্যুতে আলোচনায় বসতে তেহরান প্রস্তুত। তবে কোনো ধরনের ‘চাপ বা জবরদস্তি’র মধ্যে পড়ে ইরান সমঝোতায় যাবে না বলেও তিনি স্পষ্ট করেছেন।
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!