যুক্তরাষ্ট্র   শুক্রবার ২৩ অক্টোবর ২০২৬,৭ কার্তিক ১৪৩৩

যুক্তরাষ্ট্রে আঘাত হানতে সক্ষম আইসিবিএম প্রদর্শন করলেন কিম জং উন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২৬, ০৫:৫৩ PM ৪৫
যুক্তরাষ্ট্রে আঘাত হানতে সক্ষম আইসিবিএম প্রদর্শন করলেন কিম জং উন

ছবি:সংগৃহীত

যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম বলে দাবি করা আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) প্রদর্শন করেছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। দেশটির নবনির্মিত একটি সামরিক জাদুঘর পরিদর্শনের সময় তিনি ক্ষেপণাস্ত্রটি দেখেন। এ সময় তাঁর মেয়ে জু আয়ে ও স্ত্রী রি সোল জুও উপস্থিত ছিলেন।

মঙ্গলবার (১৩ অক্টোবর) উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, গত রোববার নবনির্মিত ডিফেন্স রেভোলিউশন মিউজিয়ামের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন কিম জং উন। জাদুঘরটিতে তাঁর শাসনামলে তৈরি বিভিন্ন অত্যাধুনিক সামরিক সরঞ্জাম প্রদর্শন করা হয়েছে। এর মধ্যে রয়েছে ড্রোন ও হোয়াসং-২০ আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র।

কেসিএনএর প্রকাশিত ছবিতে কিমকে ক্ষেপণাস্ত্রসহ বিভিন্ন সামরিক সরঞ্জাম পরিদর্শন করতে দেখা যায়।

কিমের এই পরিদর্শনের ঘটনা এমন এক সময়ে সামনে এল, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্ভাব্য এশিয়া সফরে উত্তর কোরিয়ার নেতার সঙ্গে বৈঠকের ইঙ্গিত দিয়েছেন। আগামী নভেম্বরের মাঝামাঝি চীনে অনুষ্ঠিতব্য এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন (এপিইসি) সম্মেলনে ট্রাম্পের অংশ নেওয়ার কথা রয়েছে।

কোরিয়া ডিফেন্স অ্যান্ড সিকিউরিটি ফোরামের মহাসচিব শিন জং-উ বলেন, হোয়াসং-২০ ক্ষেপণাস্ত্রের লঞ্চারের সামনে রাখা প্রদর্শনীতে একাধিক ওয়ারহেড বহনে সক্ষম নকশা ও একটি বিশ্বমানচিত্র দেখানো হয়েছে। ওই মানচিত্রে ক্ষেপণাস্ত্রটির সম্ভাব্য আঘাতের পরিসর যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ড ছাড়িয়ে মধ্যপ্রাচ্য, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আমেরিকা পর্যন্ত বিস্তৃত দেখানো হয়েছে।

শিনের মতে, উত্তর কোরিয়ার প্রতিরক্ষা প্রযুক্তির অগ্রগতি তুলে ধরতেই এ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। একই সঙ্গে সম্ভাব্য উত্তর কোরিয়া-যুক্তরাষ্ট্র শীর্ষ বৈঠকের আগে কৌশলগত অবস্থান শক্তিশালী করার প্রচেষ্টার অংশ হিসেবেও বিষয়টি বিবেচনা করা যেতে পারে।

বিশ্লেষকদের মতে, সামরিক প্রদর্শনীর মাধ্যমে নিজেদের অস্ত্র ও প্রযুক্তিগত সক্ষমতাকে স্থায়ী অর্জন হিসেবে তুলে ধরার চেষ্টা করছেন কিম জং উন। নতুন জাদুঘরটি সেই প্রচেষ্টারই একটি গুরুত্বপূর্ণ উদাহরণ।

কিয়ুংনাম বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট ফর ফার ইস্টার্ন স্টাডিজের অধ্যাপক লিম উল-চুল বলেন, অস্থায়ী অস্ত্র প্রদর্শনী কেন্দ্রগুলোকে স্থায়ী জাদুঘরে রূপান্তরের মাধ্যমে কিম উত্তর কোরিয়ার সামরিক অর্জনকে প্রাতিষ্ঠানিক রূপ দিচ্ছেন। এর মাধ্যমে দেশটির পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র সক্ষমতাকে দীর্ঘমেয়াদি সাফল্য হিসেবে তুলে ধরা হচ্ছে।

হোয়াসং-২০ ক্ষেপণাস্ত্র আইসিবিএম

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!