পোষা কুকুরের জন্য বিশেষায়িত স্কুলে ভর্তি। ছবিঃ সংগৃহীত
চীনের সাংহাইয়ে এক তরুণীর তার পোষা কুকুরের জন্য নেওয়া ব্যতিক্রমী ও ব্যয়বহুল উদ্যোগ এখন ভাইরাল হয়েছে। নব্বইয়ের দশকে জন্ম নেওয়া তাওতাও ছদ্মনামের ওই নারী তার ছয় মাস বয়সী সামোয়েড জাতের কুকুরছানাকে একটি বিশেষায়িত কিন্ডারগার্টেনে ভর্তি করেছেন।
সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, কাজের ব্যস্ততার কারণে প্রিয় পোষ্যকে পর্যাপ্ত সময় দিতে না পারায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সেবার জন্য তাকে প্রতি মাসে খরচ করতে হচ্ছে প্রায় ১২ হাজার ইউয়ান, যা বাংলাদেশি মুদ্রায় ২ লাখ টাকারও বেশি।
এই খরচের বিনিময়ে কুকুরছানা পায় উন্নতমানের আচরণগত প্রশিক্ষণ, সামাজিকীকরণ কার্যক্রম এবং প্রতিদিন স্কুল বাসে যাতায়াতের সুবিধা। ভর্তি হওয়ার সময় কুকুরটির ব্যক্তিত্ব ও মেজাজ পরীক্ষা করা হয়, যাতে তার প্রশিক্ষণ নির্ধারিত হয় এবং অকারণে ঘেউ ঘেউ বা আগ্রাসী আচরণ এড়ানো যায়।
প্রতিদিনের বোর্ডিং চার্জ ও বিশেষ ইন্টারঅ্যাকশন ক্লাসও এই খরচে অন্তর্ভুক্ত। মালিক চাইলে অনলাইনের মাধ্যমে সারাদিন কুকুরটির কর্মকাণ্ড তদারকি করতে পারেন। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা ও খাওয়ার জন্য আলাদা খরচও রয়েছে।
সাংহাইয়ের এই বিশেষায়িত স্কুলের প্রতিষ্ঠাতা চেন জানিয়েছেন, এই ধরনের পরিষেবার চাহিদা এখন অত্যন্ত বেশি। অনেক ক্ষেত্রে একটি সিট পেতে মালিকদের কয়েক সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করতে হয়। সাধারণ ডে-কেয়ার পরিষেবা ৯৫০ ইউয়ান থেকে শুরু হলেও, তাওতাওয়ের মতো উচ্চমানের ব্যক্তিগত পরিষেবার জন্য ১০ হাজার ইউয়ানের বেশি খরচ করা স্বাভাবিক হয়ে দাঁড়িয়েছে।
চীনের সামাজিক যোগাযোগ মাধ্যমে এই খবর ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকে বিস্ময় প্রকাশ করে মন্তব্য করেছেন, সাধারণ মানুষের সন্তানের কিন্ডারগার্টেন খরচও অনেক সময় এই অংকের সমান হয় না।
চায়না পেট ইন্ডাস্ট্রি হোয়াইট পেপার-২০২৬ অনুযায়ী, চীনে পোষা প্রাণী কেন্দ্রিক শিল্পের বাজার বর্তমানে অত্যন্ত চাঙ্গা। গত বছর শহুরে পোষা প্রাণী শিল্পের বাজার প্রায় ৩১ হাজার ৪০০ কোটি ইউয়ানে পৌঁছেছে এবং ধারণা করা হচ্ছে, ২০২৮ সালের মধ্যে এটি ৪০ হাজার ৫০০ কোটি ইউয়ান ছাড়িয়ে যাবে।
বর্তমানে আধুনিক জীবনযাত্রার অংশ হিসেবে অনেকেই পোষা প্রাণীকে পরিবারের সদস্য হিসেবে বিবেচনা করছেন। তাই ব্যয়বহুল ও বিশেষায়িত পরিষেবার চাহিদা দিন দিন বেড়েই চলেছে।
পোষা কুকুর স্কুল চীনে কুকুর ভর্তি ব্যয়বহুল কুকুর পরিষেবা
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!