সিনিয়র সহকারী সচিব ও সমপদমর্যাদার ২৭৭ কর্মকর্তাকে উপসচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার। সোমবার (১৭ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপনে পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের নাম ও বিস্তারিত তথ্য উল্লেখ করা হয়েছে। এর মধ্যে সিনিয়র সহকারী সচিব পদমর্যাদার ২৬২ জন এবং বিভিন্ন দূতাবাসে কর্মরত ১৫ জন কর্মকর্তা রয়েছেন।
২৬২ কর্মকর্তার বিষয়ে প্রজ্ঞাপনে বলা হয়েছে, পদোন্নতির পর তাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, পদোন্নতির আদেশে উল্লেখ করা কর্মস্থলের কোনো কর্মকর্তার দপ্তর বা কর্মস্থল এরই মধ্যে পরিবর্তন হয়ে থাকলে, বর্তমান কর্মস্থলের নাম ও ঠিকানা উল্লেখ করে তাকে যোগদানপত্র দাখিল করতে হবে।
কোনো পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে পরবর্তী সময়ে বিরূপ বা ভিন্ন কোনো তথ্য পাওয়া গেলে সংশ্লিষ্ট আদেশ প্রয়োজন অনুযায়ী সংশোধন বা বাতিল করার অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করেছে।
উপসচিব পদে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর সরাসরি অথবা অনলাইনে যোগদানপত্র জমা দিতে পারবেন। অনলাইনে যোগদানপত্র পাঠানোর জন্য মন্ত্রণালয়ের নির্ধারিত ই-মেইল ঠিকানাও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
বিভিন্ন দূতাবাসে কর্মরত ১৫ কর্মকর্তার পদোন্নতির বিষয়ে প্রজ্ঞাপনে বলা হয়েছে, সংশ্লিষ্ট প্রশাসনিক মন্ত্রণালয় তাদের প্রেষণ পদের বেতন স্কেল উন্নীত করে প্রয়োজনীয় আদেশ জারি করবে।
আদেশ জারির পর পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা উন্নীত পদে যোগদান করবেন। এরপর নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের মাধ্যমে তাদের যোগদানপত্র জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হবে।
উন্নীত পদে যোগদানের তারিখ থেকেই সংশ্লিষ্ট কর্মকর্তারা ওই পদের বেতন-ভাতা পাওয়ার যোগ্য হবেন। তবে বৈদেশিক ভাতা ও এন্টারটেইনমেন্ট অ্যালাউন্সের ক্ষেত্রে সংশ্লিষ্ট দূতাবাস বা মিশনে মূল পদের জন্য নির্ধারিত হার প্রযোজ্য হবে।
কোনো কর্মকর্তা বদলি না হওয়া বা অন্য কোনো কারণে পদটি শূন্য না হওয়া পর্যন্ত উন্নীত বেতন স্কেল বহাল থাকবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!