ছবি: সংগৃহীত
বাংলাদেশের প্রতিরক্ষা খাতের আধুনিকায়নে চীনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। একই সঙ্গে দুই দেশের সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতা আরও শক্তিশালী করার বিষয়ে আলোচনা হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগের প্রতিরক্ষা উপদেষ্টার কার্যালয়ে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন চীনা রাষ্ট্রদূত।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
আইএসপিআরের তথ্য অনুযায়ী, বৈঠকে বাংলাদেশ ও চীনের বিদ্যমান সামরিক ও প্রতিরক্ষা সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার বিষয়ে দুই পক্ষ মতবিনিময় করে।
আলোচনায় দুই দেশের সশস্ত্র বাহিনীর সদস্যদের পেশাগত প্রশিক্ষণ, সামরিক শিক্ষা বিনিময় এবং প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধির বিষয় গুরুত্ব পায়।
আধুনিক সামরিক চ্যালেঞ্জ মোকাবিলায় পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় এবং প্রশিক্ষণ সহযোগিতা বাড়ানোর মাধ্যমে দুই দেশের প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদার হবে বলে বৈঠকে আশা প্রকাশ করা হয়।
বৈঠকে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা বাংলাদেশ ও চীনের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং কৌশলগত অংশীদারত্বের কথা তুলে ধরেন।
বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় চীনের সহযোগিতার কথাও স্মরণ করেন তিনি। ভবিষ্যতে এই সহযোগিতা আরও বিস্তৃত হবে বলে আশা প্রকাশ করেন শামছুল ইসলাম।
অন্যদিকে, বাংলাদেশের প্রতিরক্ষা খাতের আধুনিকায়নে চীনের অব্যাহত সমর্থনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
বৈঠকে দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট প্রতিরক্ষা সহযোগিতা ভবিষ্যতে আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!