যুক্তরাষ্ট্র   শুক্রবার ২৩ অক্টোবর ২০২৬,৭ কার্তিক ১৪৩৩

আন্দোলনের পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চালু হলো ৪টি ফ্রি চক্রাকার বাস

সবুজ নিশান ডেস্ক

সবুজ নিশান ডেস্ক

প্রকাশিত: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২১ PM | সর্বশেষ আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৫ PM ৬৪
আন্দোলনের পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চালু হলো ৪টি ফ্রি চক্রাকার বাস

ছবি:সংগৃহীত

শিক্ষার্থীদের যাতায়াতের ভোগান্তি কমাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) স্থায়ীভাবে চক্রাকার বাস সার্ভিস চালু করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল থেকে চারটি বাস এই সেবা দেওয়া শুরু করেছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে চালু হওয়া বাসগুলোতে শিক্ষার্থীরা কোনো ভাড়া ছাড়াই ক্যাম্পাসের নির্ধারিত পথে চলাচল করতে পারবেন। বর্তমানে ১ নম্বর গেট থেকে জিরো পয়েন্ট পর্যন্ত বাসগুলো চলাচল করছে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) যোগাযোগ ও আবাসন সম্পাদক ইসহাক ভূঁঞা জানান, সকাল থেকেই চারটি বাস নির্ধারিত রুটে চলাচল করছে। শিক্ষার্থীদের জন্য এসব বাসে ভাড়ার ব্যবস্থা রাখা হয়নি। বাস চলাচলের সময়সূচি আরও কার্যকর করতে প্রশাসনের সঙ্গে শিগগিরই আলোচনা করা হবে।

এর আগে সোমবার (৭ সেপ্টেম্বর) রাতে ক্যাম্পাসের প্রধান ফটক এলাকায় অবস্থান কর্মসূচি পালন করেন চাকসুর নেতারা। রাত ৯টা থেকে রাত ১টা পর্যন্ত চলা কর্মসূচিতে ১ নম্বর গেট থেকে জিরো পয়েন্ট পর্যন্ত সিএনজিচালিত অটোরিকশার ভাড়া বৃদ্ধি এবং হঠাৎ চলাচল বন্ধ করে দেওয়ার প্রতিবাদ জানানো হয়।

আন্দোলনকারীরা সিএনজি অটোরিকশার কথিত সিন্ডিকেট বন্ধ এবং শিক্ষার্থীদের জন্য স্থায়ী চক্রাকার বাস চালুর দাবি তোলেন। কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারাও অংশ নেন।

পরে রাত ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (অ্যাকাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। তিনি তাদের দাবিগুলো বাস্তবায়নের আশ্বাস দিলে অবস্থান কর্মসূচি শেষ হয়।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, শিক্ষার্থীদের অন্যতম প্রধান দাবি ছিল ক্যাম্পাসে স্থায়ীভাবে চক্রাকার বাস সার্ভিস চালু করা। সেই দাবির ভিত্তিতেই চারটি বাস নিয়মিতভাবে পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন এই পরিবহন ব্যবস্থা চালু হওয়ায় ক্যাম্পাসের বিভিন্ন স্থানে যাতায়াতে শিক্ষার্থীদের ভোগান্তি কমবে বলে আশা করা হচ্ছে।

চবি শিক্ষার্থী চক্রাকার বাস বিশ্ববিদ্যালয় পরিবহন

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!