যুক্তরাষ্ট্র   শুক্রবার ২৩ অক্টোবর ২০২৬,৭ কার্তিক ১৪৩৩

সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজ আরও দুই মামলায় গ্রেপ্তার দেখানো

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৭ PM ৫৭
সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজ আরও দুই মামলায় গ্রেপ্তার দেখানো

ছবি:সংগৃহীত

জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ ও পটুয়াখালী-২ আসনের সাবেক সংসদ সদস্য আ স ম ফিরোজকে আরও দুটি মামলায় গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত। বুধবার (৯ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক পৃথক আদেশে এই নির্দেশ দেন।

দুটি মামলার মধ্যে একটি হত্যা এবং অন্যটি হত্যা চেষ্টা মামলা। উভয় মামলাই যাত্রাবাড়ী থানায় দায়ের করা। শুনানির জন্য কারাগার থেকে আ স ম ফিরোজকে আদালতে হাজির করা হয়।

হত্যা মামলায় গ্রেপ্তার

২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় যাত্রাবাড়ী এলাকায় শিশু নাঈম হাওলাদারের মৃত্যুর ঘটনায় করা হত্যা মামলায় আ স ম ফিরোজকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন তদন্ত কর্মকর্তা এসআই নাজিম উদ্দিন ফকির।

মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই কুতুবখালী উচ্চ বিদ্যালয়ের সামনে আন্দোলন চলাকালে গুলিবিদ্ধ হয় নাঈম হাওলাদার। দুপুরের দিকে গুলিবিদ্ধ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় সেদিনই তার মৃত্যু হয়।

তদন্ত কর্মকর্তার আবেদনে বলা হয়েছে, নাঈমের মৃত্যুর ঘটনায় আ স ম ফিরোজের সম্পৃক্ততার বিষয়ে তদন্তে তথ্য-প্রমাণ পাওয়া যাচ্ছে।

হত্যা চেষ্টা মামলাতেও গ্রেপ্তার

একই দিনে যাত্রাবাড়ীর কুতুবখালী এলাকায় গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় তারেক চৌকিদার ও শিহাবের করা হত্যা চেষ্টা মামলায়ও আ স ম ফিরোজকে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়।

মামলার তথ্য অনুযায়ী, সুবর্ণ পান্না ম্যানসনের ছাদে তারেক চৌকিদার গুলিবিদ্ধ হন। তাকে উদ্ধারের সময় শিহাবও গুলিবিদ্ধ হন। পরবর্তীতে চিকিৎসা শেষে তারা যাত্রাবাড়ী থানায় মামলা করেন।

এই মামলার তদন্ত কর্মকর্তা এসআই রফিকুল ইসলাম ভূঁইয়া আদালতে আ স ম ফিরোজকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। আবেদনে তাঁর ঘটনার সঙ্গে সম্পৃক্ততার বিষয়ে তথ্য-প্রমাণ পাওয়ার কথা উল্লেখ করা হয়।

শুনানি শেষে আদালত দুই মামলাতেই তাঁকে গ্রেপ্তার দেখানোর অনুমতি দেন। পরে আদালত থেকে তাঁকে আবার কারাগারে পাঠানো হয়।

আদালতে যা বললেন আ স ম ফিরোজ

শুনানির সময় আদালতের অনুমতি নিয়ে নিজের বক্তব্য দেন আ স ম ফিরোজ। তিনি নিজের বয়স ৭৮ বছর উল্লেখ করে বলেন, দীর্ঘদিন ধরে তিনি কারাগারে রয়েছেন এবং তিনি একজন বীর মুক্তিযোদ্ধা ও আটবারের সংসদ সদস্য।

তিনি দাবি করেন, দেশের জন্য মুক্তিযুদ্ধ করেছেন এবং কোনো অন্যায় বা অপরাধ করেননি। একই সঙ্গে অসুস্থতার কথা জানিয়ে চিকিৎসার প্রয়োজন রয়েছে বলেও আদালতকে জানান।

ফিরোজের বক্তব্য অনুযায়ী, একটি মামলায় জামিনের সুযোগ তৈরি হলে তাঁকে নতুন মামলায় গ্রেপ্তার দেখানো হচ্ছে।

আগের গ্রেপ্তার

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ২৩ আগস্ট রাজধানীর বনানী এলাকা থেকে আ স ম ফিরোজকে আটক করা হয়। এরপর বিভিন্ন মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজ গ্রেপ্তার

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!