নাটোরের লালপুরে পদ্মার চরে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে মানবিক সহায়তা বিতরণ; ছবি: সংগৃহীত
নাটোরের লালপুরে পদ্মার চরে বন্যায় ক্ষতিগ্রস্ত ৪০০ পরিবারের মধ্যে মানবিক সহায়তা বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার নওশারা সুলতানপুর ও দিয়ার শংকরপুর এলাকায় এসব সহায়তা দেওয়া হয়। এ সময় সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমীন পুতুল বলেন, অসহায় মানুষের জীবনমানের পরিবর্তনের মধ্য দিয়েই দেশের সামগ্রিক উন্নয়ন নিশ্চিত করতে চায় সরকার।
নওশারা সুলতানপুরের ২১৪টি এবং দিয়ার শংকরপুরের ১৮৬টি পরিবার এ সহায়তা পেয়েছে। প্রতিটি পরিবারকে ৩০ কেজি করে চালের পাশাপাশি ডাল, ভোজ্যতেল, চিনি, চিড়া-মুড়ি, ওষুধ ও নগদ অর্থ দেওয়া হয়।
সহায়তা বিতরণের পাশাপাশি বন্যার্তদের সঙ্গে কথা বলেন প্রতিমন্ত্রী। দুর্যোগের সময়ে তাঁদের পাশে থাকার আশ্বাসও দেন তিনি। তাঁর বক্তব্য অনুযায়ী, দেশের যেকোনো অঞ্চলে মানুষের দুর্ভোগ কমানো এবং প্রয়োজনের সময়ে সহায়তা পৌঁছে দেওয়া সরকারের অন্যতম লক্ষ্য।
ফারজানা শারমীন পুতুল বলেন, ‘যেকোনো দুর্যোগ মোকাবিলার সক্ষমতা সরকারের আছে। এই দুর্যোগ প্রাকৃতিক হোক অথবা মানুষের সৃষ্টি করা হোক।’
পদ্মার চরাঞ্চলের দীর্ঘদিনের সমস্যার কথাও তুলে ধরেন প্রতিমন্ত্রী। তাঁর দাবি, আগের সরকার চরবাসীর জীবন ও জীবিকার উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ নেয়নি। বর্তমান সরকার চরাঞ্চলে শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলা, যোগাযোগব্যবস্থা উন্নত করা এবং দুর্যোগের সময় নিরাপদ আশ্রয়ের জন্য আশ্রয়কেন্দ্র নির্মাণের পরিকল্পনা করছে।
তিনি আরও বলেন, চরাঞ্চলের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সমন্বিতভাবে কাজ করা হচ্ছে। সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে কেউ যেন সেখানকার মানুষের জীবনকে অনিরাপদ করে তুলতে না পারে, সে বিষয়েও ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে সম্ভাবনাময় চরাঞ্চলে অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়ানোর উদ্যোগ নেওয়ার কথা জানান তিনি।
দুর্যোগের সময় সহায়তার পাশাপাশি পরবর্তী পুনর্বাসনেও মানুষের পাশে থাকার কথা বলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী। তিনি বলেন, ‘দুর্যোগকালে সরকারের সহযোগিতা নিয়ে আপনাদের পাশে থাকতে চাই। দুর্যোগ-পরবর্তী পুনর্বাসন কার্যক্রমেও আপনাদের পাশে থাকতে চাই। কোনো ব্যক্তি বা পরিবার আর অনিশ্চয়তায় থাকবে না। প্রধানমন্ত্রীর সহায়তা নিয়ে আমরা আপনাদের পাশে থাকব।’
অনুষ্ঠানে লালপুর উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. হারুনার রশিদ পাপ্পু, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও বিলমাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ছিদ্দিক আলী মিষ্টু, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. আব্দুস সালামসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
নাটোর লালপুর সমাজকল্যাণ প্রতিমন্ত্রী
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!