যুক্তরাষ্ট্র   শুক্রবার ২৩ অক্টোবর ২০২৬,৭ কার্তিক ১৪৩৩

খুলনায় প্রশাসনের ভেতরে ষড়যন্ত্রের অভিযোগ, নেতা-কর্মীদের সতর্ক করলেন কেডিএ চেয়ারম্যান

সবুজ নিশান ডেস্ক

সবুজ নিশান ডেস্ক

প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৯ PM | সর্বশেষ আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১০ PM ৪৫
খুলনায় প্রশাসনের ভেতরে ষড়যন্ত্রের অভিযোগ, নেতা-কর্মীদের সতর্ক করলেন কেডিএ চেয়ারম্যান

ছবি:সংগৃহীত

প্রশাসনের ভেতরে এখনো একটি মহল দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন খুলনা মহানগর বিএনপির সভাপতি ও খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) চেয়ারম্যান অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা।

শনিবার (১৯ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে খুলনা নগরীর কে ডি ঘোষ রোডের দলীয় কার্যালয়ে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক কেন্দ্রীয় সহসভাপতি মরহুম আজিজুল হাসান দুলুর চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে খুলনা মহানগর ও জেলা বিএনপি যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।

শফিকুল আলম মনা বলেন, স্বৈরাচারের বিদায়ের পরও ষড়যন্ত্র থেমে নেই। প্রশাসনের ভেতরে থাকা একটি মহল দেশের স্থিতিশীলতা নষ্ট করার চেষ্টা করছে বলে তিনি দাবি করেন। এ বিষয়ে দলীয় নেতা-কর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, দল বর্তমানে সুবিধাজনক অবস্থানে রয়েছে—এমন ধারণা করে আত্মতুষ্টিতে থাকার সুযোগ নেই। গণতন্ত্রের অগ্রযাত্রা অব্যাহত রাখতে নেতা-কর্মীদের রাজপথে সজাগ ও সতর্ক থাকতে হবে।

অনুষ্ঠানে খুলনা জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু, মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক বেগম রেহানা ঈসা, সাংগঠনিক সম্পাদক মাসুদ পারভেজ বাবু ও হাসানুর রশীদ চৌধুরী মিরাজসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে আজিজুল হাসান দুলুর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন খুলনা মহানগর ওলামা দলের আহ্বায়ক মাওলানা মো. আবু নাঈম কাজী।

বিএনপি নেতাকর্মী কেডিএ চেয়ারম্যান

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!