যুক্তরাষ্ট্র   শনিবার ২৪ অক্টোবর ২০২৬,৮ কার্তিক ১৪৩৩

বিশ্ব শিক্ষক দিবসে ১০০ গুণী শিক্ষককে রাষ্ট্রীয় সম্মাননা

সবুজ নিশান ডেস্ক

সবুজ নিশান ডেস্ক

প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৯ PM ৬৮
বিশ্ব শিক্ষক দিবসে ১০০ গুণী শিক্ষককে রাষ্ট্রীয় সম্মাননা

ছবি: সংগৃহীত

শিক্ষাক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে এবার বিশ্ব শিক্ষক দিবসে দেশের ১০০ জন গুণী শিক্ষককে জাতীয় পর্যায়ে বিশেষ সম্মাননা দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। শিক্ষকদের মর্যাদা ও অবদানকে স্বীকৃতি দেওয়ার অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উদযাপনের প্রস্তুতি নিয়ে জাতীয় স্টিয়ারিং কমিটির বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে অনুষ্ঠিত ওই সভায় দিবসটি ঘিরে সরকারের বিভিন্ন কর্মসূচি ও প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়।

এর আগে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছিলেন, নির্বাচিত ১০০ শিক্ষককে এক লাখ টাকা করে অনুদান ও সম্মাননা দেওয়ার পরিকল্পনা রয়েছে। শিক্ষকদের যথাযথ মর্যাদা নিশ্চিত করতেই সম্মাননার পরিধি বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

নতুন ব্যবস্থায় প্রাথমিক, মাধ্যমিক, কলেজ, বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাস্তরের শিক্ষকরা সম্মাননার আওতায় থাকবেন। প্রকাশিত নীতিমালার তথ্য অনুযায়ী, প্রাথমিক পর্যায় থেকে ১০ জন, মাধ্যমিক থেকে ২০ জন, কলেজ থেকে ২৫ জন এবং সাধারণ বিশ্ববিদ্যালয় থেকে ২০ জন শিক্ষক নির্বাচিত হবেন। পাশাপাশি চিকিৎসা, কৃষি, প্রকৌশল ও অন্যান্য বিশেষায়িত বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানের শিক্ষকও এই তালিকায় থাকবেন।

বিশ্ব শিক্ষক দিবস প্রতি বছর ৫ অক্টোবর পালিত হয়। ইউনেস্কোর তথ্য অনুযায়ী, ১৯৯৪ সাল থেকে দিবসটি পালিত হয়ে আসছে। ২০২৬ সালে দিবসটির প্রতিপাদ্য শিক্ষকদের পেশাগত মর্যাদা সুরক্ষা, উন্নয়ন এবং ভবিষ্যৎ নির্মাণে তাদের ভূমিকার ওপর গুরুত্ব দিচ্ছে।

সরকারের এবারের উদ্যোগের মাধ্যমে শিক্ষকদের দীর্ঘদিনের অবদানকে জাতীয় পর্যায়ে স্বীকৃতি দেওয়ার পাশাপাশি শিক্ষকতা পেশার প্রতি সম্মান ও উৎসাহ আরও জোরদার করার লক্ষ্য নেওয়া হয়েছে।

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!