যুক্তরাষ্ট্র   শুক্রবার ২৩ অক্টোবর ২০২৬,৭ কার্তিক ১৪৩৩

রাশিয়ায় জলবায়ু অলিম্পিয়াডে বাংলাদেশের স্বর্ণসহ তিন পদক

সবুজ নিশান ডেস্ক

সবুজ নিশান ডেস্ক

প্রকাশিত: ০২ অক্টোবর ২০২৬, ০৫:৪০ PM ৫০
রাশিয়ায় জলবায়ু অলিম্পিয়াডে বাংলাদেশের স্বর্ণসহ তিন পদক

ছবি: সংগৃহীত

রাশিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক জলবায়ু ও পরিবেশবিষয়ক অলিম্পিয়াডে (IOCE 2026) স্বর্ণসহ তিনটি পদক অর্জন করেছে বাংলাদেশ। ব্যক্তিগত প্রতিযোগিতায় পূর্ণ ১০০ নম্বর পেয়ে স্বর্ণপদক অর্জনের পাশাপাশি সামগ্রিকভাবে প্রথম হয়েছেন বাংলাদেশের আবু মাহজূরাহ আয়মান।

বাংলাদেশের ফাবিহা নূরজীনা ৬৯ নম্বর এবং এস এম আনফাল হাবিব ৫৮ নম্বর পেয়ে ব্রোঞ্জপদক অর্জন করেছেন। এছাড়া ইসমাহ আরুশ ৫৪ দশমিক ৫ নম্বর নিয়ে সম্মাননাপত্র পেয়েছেন।

রাশিয়ার সিরিয়াস ফেডারেল টেরিটরিতে ২০ থেকে ২৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয় International Olympiad on Climate Change and Environmental Issues (IOCE) ২০২৬। এটি ছিল প্রতিযোগিতাটির তৃতীয় আসর।

এবারের অলিম্পিয়াডে ১৪টি দেশের প্রায় ৮০ জন তরুণ প্রতিযোগী ও তাদের মেন্টর অংশ নেন। জলবায়ু পরিবর্তন ও পরিবেশবিষয়ক বাস্তব সমস্যা নিয়ে তাত্ত্বিক পরীক্ষার পাশাপাশি মাঠপর্যায়ের ও ল্যাবরেটরি কার্যক্রমে অংশ নিতে হয় প্রতিযোগীদের।

বাংলাদেশ থেকে পাঁচ সদস্যের দল প্রতিযোগিতায় অংশ নেয়। সদস্যরা হলেন আবু মাহজূরাহ আয়মান, ফাবিহা নূরজীনা, ইসমাহ আরুশ, এস এম আনফাল হাবিব ও কামরুন নাহার মেঘা।

আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেওয়ার আগে দেশব্যাপী বাছাইয়ের মাধ্যমে বাংলাদেশ দল নির্বাচন করা হয়। বাংলাদেশ অলিম্পিয়াড অন ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড এনভায়রনমেন্টাল ইস্যুজ (BOCE) ২০২৬-এর বিভিন্ন ধাপে চার হাজারের বেশি শিক্ষার্থী অংশ নিয়েছিল।

প্রাথমিক ও আঞ্চলিক পর্ব শেষে ৩০০ শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে অনুষ্ঠিত জাতীয় পর্বে অংশ নেয়। পরবর্তী প্রশিক্ষণ ও চূড়ান্ত বাছাইয়ের মাধ্যমে পাঁচ সদস্যের বাংলাদেশ দল গঠন করা হয়।

আন্তর্জাতিক পর্বের আগে দলটির সদস্যরা জলবায়ুবিজ্ঞান, জীববৈচিত্র্য, পরিবেশ রসায়ন, আর্থ সিস্টেম ও দুর্যোগ ব্যবস্থাপনাসহ বিভিন্ন বিষয়ে প্রস্তুতিমূলক প্রশিক্ষণ নেন।

বাংলাদেশের জাতীয় বাছাই কার্যক্রম আয়োজন করে Sustainability and Life Sciences Network (SLSN) ও Zero Competitions। আন্তর্জাতিক আসরে দলটির প্রস্তুতিতে বাংলাদেশ অলিম্পিয়াড অন ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড এনভায়রনমেন্টাল ইস্যুজ সংশ্লিষ্টরা কাজ করেন।

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!