যুক্তরাষ্ট্র   শুক্রবার ২৩ অক্টোবর ২০২৬,৭ কার্তিক ১৪৩৩

অন্যায়-অনিয়মে ছাড় নয়, ব্যবস্থা নেওয়ার কথা জানালেন সালাউদ্দিন টুকু

সবুজ নিশান ডেস্ক

সবুজ নিশান ডেস্ক

প্রকাশিত: ০৩ অক্টোবর ২০২৬, ০৪:২১ PM ৫০
অন্যায়-অনিয়মে ছাড় নয়, ব্যবস্থা নেওয়ার কথা জানালেন সালাউদ্দিন টুকু

ছবি:সংগৃহীত

আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সরকার কাজ করছে এবং কোনো ধরনের অন্যায়-অনিয়মকে ছাড় দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

শনিবার (৩ অক্টোবর) বেলা ১১টার দিকে টাঙ্গাইল পুলিশ লাইনস মাঠে জেলা পুলিশের আয়োজনে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সালাউদ্দিন টুকু বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করা এবং সমাজ থেকে মাদক নির্মূলের বিষয়ে কাজ চলছে। তরুণদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত রাখার মাধ্যমে মাদক থেকে দূরে রাখার উদ্যোগ নেওয়া হচ্ছে।

তিনি বলেন, কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে স্থানীয় পর্যায়ে সম্মিলিতভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করার চেষ্টা চলছে। অন্যায়ের বিরুদ্ধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

মাদক প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, মাদকের বিরুদ্ধে কোনো ধরনের রাজনৈতিক বা ব্যক্তিগত তদবির গ্রহণ করা হবে না। রাজনৈতিক নেতা-কর্মীদেরও নিজ নিজ এলাকায় জনসচেতনতা তৈরিতে কাজ করতে হবে। একই সঙ্গে পুলিশ সদস্যদের কেউ মাদক-সংশ্লিষ্ট কর্মকাণ্ডে জড়িত হলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি।

সালাউদ্দিন টুকুর দাবি, দেশের বাইরে থেকে মাদক প্রবেশের কারণে যুবসমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ সমস্যা মোকাবিলায় সামাজিকভাবে সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্ব দেন তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টাঙ্গাইলের পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার। জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, স্থানীয় বিএনপি এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

পরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর খেলা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে পুলিশ লাইনস আদর্শ উচ্চবিদ্যালয়ের ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। প্রধান অতিথি হিসেবে কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

আইনশৃঙ্খলা পরিস্থিতি সালাউদ্দিন টুকু

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!