যুক্তরাষ্ট্র   শুক্রবার ২৩ অক্টোবর ২০২৬,৭ কার্তিক ১৪৩৩

শেখ হাসিনাসহ ৮ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ২৮ অক্টোবর

সবুজ নিশান ডেস্ক

সবুজ নিশান ডেস্ক

প্রকাশিত: ০৬ অক্টোবর ২০২৬, ০৫:০৮ PM ৩৬
শেখ হাসিনাসহ ৮ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ২৮ অক্টোবর

ছবি:সংগৃহীত

রাজধানীর কল্যাণপুরের জাহাজবাড়িতে কথিত জঙ্গি অভিযানকে কেন্দ্র করে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাসহ আট আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি আবারও পিছিয়েছে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ আগামী ২৮ অক্টোবর শুনানির জন্য নতুন তারিখ নির্ধারণ করেছেন। প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (৬ অক্টোবর) এই তারিখ ঠিক করা হয়।

আজ মামলাটিতে প্রসিকিউশনের পক্ষ থেকে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানি হওয়ার কথা ছিল। তবে চিফ প্রসিকিউটর ছুটিতে থাকায় প্রসিকিউশন নতুন করে সময়ের আবেদন করে। পরে ট্রাইব্যুনাল আগামী ২৮ অক্টোবর শুনানির দিন ধার্য করেন।

মামলাটি আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ ছিল। আসামিপক্ষের শুনানি চলার সময় এটি ট্রাইব্যুনাল-২-এ স্থানান্তর করা হয়। ফলে নতুন করে অভিযোগ গঠনের বিষয়ে প্রসিকিউশন ও আসামিপক্ষকে শুনানিতে অংশ নিতে হবে।

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, আওয়ামী লীগ সরকারের সময় দেশের বিভিন্ন এলাকা থেকে তরুণদের আটক করে জঙ্গি হিসেবে চিহ্নিত করা হয়। পরে তাদের কল্যাণপুরের জাহাজবাড়িতে নিয়ে হত্যা করা হয়েছিল বলে মামলায় অভিযোগ করা হয়েছে।

প্রসিকিউশনের পক্ষ থেকে এর আগে ট্রাইব্যুনালে দাবি করা হয়, ভুক্তভোগীদের পরিবারের কয়েকজন সদস্য তদন্ত কর্মকর্তার কাছে জবানবন্দি দিয়েছেন। মামলার সাক্ষ্যগ্রহণ পর্যায়ে তাঁদের সাক্ষী হিসেবে উপস্থাপনের কথা রয়েছে।

প্রসিকিউশন আট আসামির বিরুদ্ধে প্রাথমিকভাবে অভিযোগ গঠনের মতো উপাদান রয়েছে বলেও আদালতের কাছে দাবি করেছে।

মামলায় বর্তমানে গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন সাবেক আইজিপি একেএম শহিদুল হক ও সাবেক ডিএমপি কমিশনার মো. আসাদুজ্জামান মিয়া। মঙ্গলবার তাঁরা ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন।

মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ডিএমপির তৎকালীন অতিরিক্ত কমিশনার শেখ মুহম্মদ মারুফ হাসান, তৎকালীন সিটিটিসি প্রধান মনিরুল ইসলাম, ডিএমপির তৎকালীন যুগ্ম কমিশনার কৃষ্ণপদ রায় এবং তৎকালীন যুগ্ম কমিশনার (ডিবি) আবদুল বাতেন।

চলতি বছরের ২৯ জানুয়ারি ট্রাইব্যুনাল-১ প্রসিকিউশনের দেওয়া আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন। পরে ৮ মার্চ পলাতক ছয় আসামির পক্ষে রাষ্ট্রীয়ভাবে আইনজীবী নিয়োগ দেওয়া হয়।

মামলার নথি অনুযায়ী, ২০১৬ সালের ২৫ জুলাই রাতে রাজধানীর কল্যাণপুরের জাহাজবাড়ি নামে পরিচিত একটি ভবনে কথিত জঙ্গিবিরোধী অভিযান চালায় পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট।

‘অপারেশন স্টর্ম-২৬’ নামে পরিচিত ওই অভিযানে নয় তরুণ নিহত হন। তাঁদের হত্যাকাণ্ডকে পরিকল্পিত মানবতাবিরোধী অপরাধ হিসেবে উল্লেখ করে মামলাটি করা হয়েছে।

মানবতাবিরোধী অপরাধ মামলা শেখ হাসিনাসহ ৮ জন

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!