ছবি: সংগৃহীত
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জাতীয় সংসদ নির্বাচনের তুলনায় তিন গুণ বেশি সদস্য মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। বর্তমান পরিস্থিতি সন্তোষজনক থাকায় এ নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন হবে না বলে মনে করছেন তিনি।
বুধবার (১৪ অক্টোবর) সকাল ১০টায় ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে উপনির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল, ভিজিল্যান্স ও অবজারভেশন টিমের সদস্য এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন নির্বাচন কমিশনার।
সানাউল্লাহ জানান, নির্বাচনের পরিবেশ এখন পর্যন্ত ভালো রয়েছে। ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন এবং পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী সদস্য মোতায়েনের ব্যবস্থা রাখা হয়েছে। এসব প্রস্তুতির কারণে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে আলাদাভাবে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন দেখছে না নির্বাচন কমিশন।
সভায় সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও কর্মকর্তাদের নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে প্রস্তুত থাকার নির্দেশনা দেওয়া হয়। ভোটের সময় আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখা, নির্বাচনি আচরণবিধি কার্যকর করা এবং ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারেন, সে বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। এতে সভাপতিত্ব করেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল ইসলাম।
উপনির্বাচন সামনে রেখে সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর বিষয়েও সভায় আলোচনা হয়। নির্বাচনসংশ্লিষ্ট কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সমন্বিতভাবে দায়িত্ব পালনের মাধ্যমে শান্তিপূর্ণ ভোটের পরিবেশ নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়েছে।
ঠাকুরগাঁও-১ আসন
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!