যুক্তরাষ্ট্র   মঙ্গলবার ১০ নভেম্বর ২০২৬,২৫ কার্তিক ১৪৩৩

জেদ্দায় হজ সম্মেলন, আজ বাংলাদেশ-সৌদি চুক্তি

সাইফুল ইসলাম জয়

সাইফুল ইসলাম জয়

প্রকাশিত: ০৯ নভেম্বর ২০২৬, ০২:১৮ PM ১৩
জেদ্দায় হজ সম্মেলন, আজ বাংলাদেশ-সৌদি চুক্তি

জেদ্দায় ষষ্ঠ হজ সম্মেলন ও প্রদর্শনীতে অংশ নিয়েছেন বাংলাদেশের ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ। ছবি: সংগৃহীত

সৌদি আরবের জেদ্দায় শুরু হয়েছে চার দিনব্যাপী ষষ্ঠ ‘হজ সম্মেলন ও প্রদর্শনী’। হজ ব্যবস্থাপনাকে আরও আধুনিক ও প্রযুক্তিনির্ভর করার পাশাপাশি হাজিদের সেবার মান বাড়ানোর লক্ষ্য নিয়ে আয়োজিত এ আন্তর্জাতিক অনুষ্ঠানে অংশ নিচ্ছে বিশ্বের প্রায় ১২০টি দেশ। সম্মেলনের মধ্যেই সোমবার বাংলাদেশের সঙ্গে সৌদি আরবের ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষরের কথা রয়েছে।

বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ। চুক্তিতে বাংলাদেশের পক্ষে তিনি এবং সৌদি আরবের পক্ষে দেশটির হজ ও ওমরাহ মন্ত্রী ড. তৌফিক বিন ফাউজান আল-রাবিয়াহ স্বাক্ষর করবেন বলে জানানো হয়েছে। এর মাধ্যমে আগামী বছরের হজ আয়োজন ও ব্যবস্থাপনা নিয়ে দুই দেশের আনুষ্ঠানিক সমঝোতা হওয়ার কথা।

রোববার (৮ নভেম্বর) সন্ধ্যায় সম্মেলনের উদ্বোধন করেন মক্কার ডেপুটি গভর্নর প্রিন্স সউদ বিন মিশাল বিন আব্দুল আজিজ। সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় এবং ভিশন ২০৩০-এর পিলগ্রিম এক্সপেরিয়েন্স প্রোগ্রাম যৌথভাবে এ আয়োজন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের ধর্মমন্ত্রীও উপস্থিত ছিলেন।

সম্মেলনে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রী ড. তৌফিক বিন ফাউজান আল-রাবিয়াহ, বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ. বিন আবিয়াহসহ বিভিন্ন দেশের ধর্মমন্ত্রী ও সরকারি প্রতিনিধিরা অংশ নিয়েছেন। হজের সার্বিক ব্যবস্থাপনায় প্রযুক্তির ব্যবহার, স্মার্ট সেবা এবং হাজিদের সুযোগ-সুবিধা বাড়ানোর বিষয়গুলো এবারের আয়োজনের আলোচনায় গুরুত্ব পাচ্ছে।

সম্মেলনের সঙ্গে আয়োজিত প্রদর্শনীতে ৩২৫টির বেশি আন্তর্জাতিক ও সৌদি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মাধ্যমে হজ ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তি, ডিজিটাল সেবা ও বিভিন্ন উদ্ভাবনী সমাধান তুলে ধরা হচ্ছে।

বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে নির্ধারিত চুক্তি স্বাক্ষরিত হলে ২০২৭ সালের হজ আয়োজনের ক্ষেত্রে দুই দেশের সংশ্লিষ্ট কার্যক্রম ও ব্যবস্থাপনা নিয়ে আনুষ্ঠানিক সমঝোতা সম্পন্ন হবে।

সৌদি আরব হজ সম্মেলন ২০২৬ ২০২৭ সালের হজ বাংলাদেশ-সৌদি হজ চুক্তি জেদ্দা

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!