যুক্তরাষ্ট্র   শুক্রবার ২৩ অক্টোবর ২০২৬,৭ কার্তিক ১৪৩৩

১১ দলীয় জোট থেকে সরে দাঁড়াল খেলাফত মজলিস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৫ জুলাই ২০২৬, ০৪:৪৬ PM ১৩৬
১১ দলীয় জোট থেকে সরে দাঁড়াল খেলাফত মজলিস

খেলাফত মজলিস আনুষ্ঠানিকভাবে ১১ দলীয় জোট থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে। দলটির কেন্দ্রীয় মজলিসে শূরার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে দলীয় নেতৃত্ব।

শনিবার (২৫ জুলাই) বৈঠক শেষে কেন্দ্রীয় প্রচার সম্পাদক প্রকৌশলী আব্দুল হাফিজ খসরুর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১১ দলীয় ঐক্য মূলত জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে গঠিত একটি নির্বাচনী সমঝোতা ছিল। নির্বাচন শেষ হওয়ার পর সেই জোটের কার্যকারিতা বাস্তবে শেষ হয়ে গেছে। এরপরও কিছু কর্মসূচিতে অংশ নিলেও এখন থেকে ১১ দলীয় জোটের সব ধরনের কর্মসূচি থেকে বিরত থাকবে খেলাফত মজলিস। দলটির পক্ষ থেকে আরও বলা হয়, ভবিষ্যতে দেশ, জাতি ও ইসলামের স্বার্থে প্রয়োজন হলে বৃহত্তর রাজনৈতিক ঐক্য গঠনের বিষয়ে তারা ইতিবাচকভাবে বিবেচনা করবে এবং সে লক্ষ্যে প্রয়োজনীয় উদ্যোগ অব্যাহত থাকবে।

এর আগে গত ১৩ জুন চট্টগ্রামে ১১ দলীয় জোটের বিভাগীয় সমাবেশের পর খেলাফত মজলিস জানিয়ে দেয়, ভবিষ্যতে জোটের কোনো সমাবেশ, ব্যানার বা প্রচারণায় দল বা দলীয় নেতাদের নাম ব্যবহার না করার জন্য।

রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত কেন্দ্রীয় মজলিসে শূরার তৃতীয় সাধারণ অধিবেশনে সভাপতিত্ব করেন খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ। অধিবেশন পরিচালনা করেন দলের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের।

সভায় নায়েবে আমির, যুগ্ম মহাসচিব, সাংগঠনিক সম্পাদক, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য এবং কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্যসহ দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। বৈঠকে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, সাংগঠনিক কার্যক্রম এবং ভবিষ্যৎ রাজনৈতিক কৌশল নিয়েও আলোচনা করা হয়।

খেলাফত মজলিস

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!