যুক্তরাষ্ট্র   শুক্রবার ২৩ অক্টোবর ২০২৬,৭ কার্তিক ১৪৩৩

ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, এনসিপি নেত্রী আটক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪০ AM ৭৮
ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, এনসিপি নেত্রী আটক

ছবি: সংগৃহীত

নেত্রকোনায় ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস দিয়ে পাঁচজনের কাছ থেকে মোট ১৫ হাজার টাকা নেওয়ার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী সৈয়দা সাদিয়া ইসলামকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন স্থানীয়রা। পুলিশ বর্তমানে অভিযোগের তথ্য যাচাই করছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে নেত্রকোনা পৌর শহরের কুড়পাড় এলাকায় এ ঘটনা ঘটে। সৈয়দা সাদিয়া ইসলাম এনসিপির নেত্রকোনা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক।

পুলিশের ভাষ্য অনুযায়ী, জেলার বিভিন্ন উপজেলার পাঁচ ব্যক্তির কাছ থেকে ফ্যামিলি কার্ড করে দেওয়ার আশ্বাসে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে সাদিয়ার বিরুদ্ধে। পাঁচজনের কাছ থেকে নেওয়া অর্থের মোট পরিমাণ ১৫ হাজার টাকা বলে পুলিশ জানিয়েছে।

অভিযোগটি স্থানীয়ভাবে জানাজানি হওয়ার পর এলাকাবাসী সাদিয়াকে আটক করেন। পরে তাকে নেত্রকোনা মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সজল কুমার সরকার জানান, সাদিয়াকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। অভিযোগকারীদের দেওয়া তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে সাদিয়ার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তবে যাচাই শেষ না হওয়া পর্যন্ত তার বিরুদ্ধে ওঠা অভিযোগকে প্রমাণিত ঘটনা হিসেবে গণ্য করা হচ্ছে না।

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!