যুক্তরাষ্ট্র   শুক্রবার ২৩ অক্টোবর ২০২৬,৭ কার্তিক ১৪৩৩

জামায়াতের সঙ্গে আলোচনা ছাড়া আ.লীগ-ছাত্রলীগ মিছিলের সাহস পায় না: রাশেদ খাঁন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২১ PM ৬০
জামায়াতের সঙ্গে আলোচনা ছাড়া আ.লীগ-ছাত্রলীগ মিছিলের সাহস পায় না: রাশেদ খাঁন

ছবি: সংগৃহীত

আওয়ামী লীগ ও ছাত্রলীগের সাম্প্রতিক মিছিলের প্রসঙ্গে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন দাবি করেছেন, জামায়াতে ইসলামীর সঙ্গে আলোচনা ছাড়া তারা এমন কর্মসূচি পালনের সাহস পেত না।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে ঝিনাইদহে ডেঙ্গু প্রতিরোধে সরকারের তিন মাসব্যাপী কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশ নেন রাশেদ খাঁন। পরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

রাশেদ খাঁনের ভাষ্য, শুক্রবার রাজধানীর গুলশানে আওয়ামী লীগ ও ছাত্রলীগের একটি ঝটিকা মিছিল হয়েছে। ওই কর্মসূচিতে নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী অংশ নিয়েছেন বলেও তিনি দাবি করেন।

তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার সম্ভাবনা তৈরি হওয়ার পেছনে জামায়াতে ইসলামী দায়ী। এ প্রসঙ্গে জামায়াতের নেতা আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের একটি বক্তব্যের উল্লেখ করেন তিনি। তাহের আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসেবে ফিরে এলে আপত্তি না থাকার কথা বলেছেন—এমন দাবি করে রাশেদ খাঁন বলেন, এর মাধ্যমে আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার পথ তৈরি হচ্ছে।

রাশেদ খাঁনের আরও দাবি, বিএনপির বিরুদ্ধে আওয়ামী লীগ ও জামায়াতে ইসলামী ১৯৯৬ সালের মতো আবারও যুগপৎ আন্দোলনের পথে যেতে পারে। তাঁর অভিযোগ, বর্তমান সরকারকে ব্যর্থ করার উদ্দেশ্যেই এমন রাজনৈতিক সমীকরণ তৈরি হচ্ছে।

এর আগে ঝিনাইদহ জেলা প্রশাসনের আয়োজনে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালিতে অংশ নেন রাশেদ খাঁন। কর্মসূচিতে জেলা বিএনপির সভাপতি এমএ মজিদ, সহসভাপতি মুন্সি কামাল আজাদ পান্নু ও আনোয়ারুল ইসলাম বাদশা, যুগ্ম সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাসসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!