ওবায়দুল কাদেরসহ ৭ আসামি ছবি: সংগৃহীত
বৈষম্যবিরোধী আন্দোলন ঘিরে হত্যাকাণ্ডের অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় আগামীকাল মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রায় দেবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। মামলাটিতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ মোট সাতজন আসামি রয়েছেন। সোমবার ট্রাইব্যুনাল রায় ঘোষণার জন্য দিন নির্ধারণ করেন।
মামলার বাকি ছয় আসামি হলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান। মামলার শুরু থেকেই সাত আসামিই পলাতক রয়েছেন।
রায়ের আগে মামলাটির বিচারিক কার্যক্রমের গুরুত্বপূর্ণ ধাপগুলো শেষ হয়েছে। গত ১৭ আগস্ট আসামিপক্ষ ও রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপন সম্পন্ন হয়। এর পরই মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখা হয়।
এর আগে ১২ আগস্ট প্রসিকিউশন তাদের যুক্তি-তর্ক উপস্থাপন শেষ করে। সে সময় রাষ্ট্রপক্ষের আইনজীবীরা আসামিদের সর্বোচ্চ শাস্তির আবেদন জানান। পরে পলাতক সাত আসামির পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী এম হাসান ইমাম ও ইশরাত জাহান ট্রাইব্যুনালে নিজেদের বক্তব্য তুলে ধরেন।
মামলাটির আনুষ্ঠানিক বিচারিক প্রক্রিয়া শুরু হয় গত বছরের ১৮ ডিসেম্বর। ওইদিন ট্রাইব্যুনাল আসামিদের বিরুদ্ধে আনা আনুষ্ঠানিক অভিযোগ গ্রহণ করেন। একই সঙ্গে পলাতক ওবায়দুল কাদেরসহ সাতজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
এরপর চলতি বছরের ২২ জানুয়ারি আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। সাক্ষ্য গ্রহণ পর্ব শেষ হওয়ার পর ৪ আগস্ট থেকে রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপনের কার্যক্রম শুরু হয়। পর্যায়ক্রমে দুই পক্ষের বক্তব্য শেষ হওয়ার পর এখন চূড়ান্ত রায়ের অপেক্ষায় মামলাটি।
মানবতাবিরোধী অপরাধ
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!