যুক্তরাষ্ট্র   শনিবার ২৪ অক্টোবর ২০২৬,৮ কার্তিক ১৪৩৩

ধানমন্ডিতে আ. লীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণে আটক ৪

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৬ PM ৬৩
ধানমন্ডিতে আ. লীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণে আটক ৪

ধানমন্ডিতে ঝটিকা মিছিল ও ককটেল বিস্ফোরণের ঘটনায় পুলিশের তৎপরতা; ছবি: প্রতীকী

রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বর এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একটি ঝটিকা মিছিল ও কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে বাটা শোরুমের সামনে এ ঘটনা ঘটে। পরে মিছিল থেকে পালানোর সময় চারজনকে আটক করে পুলিশ।

ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ইমদাদুল ইসলাম তৈয়ব জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা মিছিল বের করে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটান। মিছিল শেষ করে দ্রুত সরে যাওয়ার সময় ধানমন্ডি থানা-পুলিশ তিনজনকে আটক করে। ঘটনাস্থল থেকে একটি ব্যানারও উদ্ধার করা হয়েছে।

একই ঘটনায় মোহাম্মদপুর থানার পুলিশও একজনকে আটক করেছে। থানাটির ওসি আব্দুল হালিম জানান, ধানমন্ডি এলাকায় মিছিল ও ককটেল বিস্ফোরণের পর পালানোর সময় ওই ব্যক্তিকে আটক করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রের ভাষ্য অনুযায়ী, মিছিলটি মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের সদস্যসচিব তারেকুজ্জামানের নেতৃত্বে সাতমসজিদ রোড এলাকা থেকে শুরু হয়। পরে ইবনে সিনা হাসপাতাল হয়ে ধানমন্ডি ২৭ নম্বরের বাটা শোরুমের সামনে গিয়ে তা শেষ হয়। এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

মিছিলকারীরা বিস্ফোরণের পর দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। আটকদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে। ঘটনার সঙ্গে আর কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

রাজধানীর বিভিন্ন এলাকায় সাম্প্রতিক সময়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নামে ঝটিকা মিছিল ও ককটেল বিস্ফোরণের একাধিক ঘটনা ঘটেছে। এসব ঘটনায় বিভিন্ন স্থানে পুলিশ অভিযান ও গ্রেপ্তার করেছে।

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!