যুক্তরাষ্ট্র   শুক্রবার ২৩ অক্টোবর ২০২৬,৭ কার্তিক ১৪৩৩

হামলায় ক্ষতিগ্রস্ত রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শন করবেন শফিকুর রহমান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৩ PM ৫৪
হামলায় ক্ষতিগ্রস্ত রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শন করবেন শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সংগৃহীত ছবি।

রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা ও ভাঙচুরের ঘটনায় ক্ষয়ক্ষতি দেখতে সোমবার সেখানে যাবেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় মিরপুর-১ এলাকার রাড্ডায় অবস্থিত স্বাস্থ্যসেবা কেন্দ্রটিতে তাঁর যাওয়ার কথা রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এবং কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মু. আতাউর রহমান সরকার।

গত বৃহস্পতিবার রাতে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা ও লুটপাটের ঘটনা ঘটে। বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়, মুখোশধারী কয়েকজন ব্যক্তি প্রতিষ্ঠানে ঢুকে নিরাপত্তাকর্মীদের নিয়ন্ত্রণে নিয়ে বিভিন্ন সামগ্রী নিয়ে যায়। পরে ভারী যন্ত্রপাতি ব্যবহার করে ভবন ও স্থাপনার বিভিন্ন অংশে ভাঙচুর করা হয়।

এ ঘটনায় শাহ আলী থানায় একটি মামলা করা হয়েছে। মামলার পর কয়েকজনকে গ্রেপ্তার করা হয় এবং আদালতের নির্দেশে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।

হামলার খবর প্রকাশের পর ঘটনাটির নিন্দা জানিয়ে জড়িতদের শনাক্ত করে কঠোর শাস্তির আওতায় আনার দাবি জানান জামায়াত আমির। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বক্তব্যে তিনি স্বাস্থ্যসেবা কেন্দ্রটিতে হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন।

দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, পরিদর্শনের সময় ডা. শফিকুর রহমান ক্ষতিগ্রস্ত স্থাপনা ঘুরে দেখবেন। এ সময় তিনি স্বাস্থ্যকেন্দ্রের সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গেও কথা বলবেন।

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!