যুক্তরাষ্ট্র   শনিবার ২৪ অক্টোবর ২০২৬,৮ কার্তিক ১৪৩৩

চাঁদাবাজি ঠেকাতে ‘পুনর্বাসন দানবক্স’ চালুর ঘোষণা হাসনাতের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৪ PM ৮৮
চাঁদাবাজি ঠেকাতে ‘পুনর্বাসন দানবক্স’ চালুর ঘোষণা হাসনাতের

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। সংগৃহীত ছবি

চাঁদাবাজির পথ থেকে নেতাকর্মীদের দূরে রাখতে ব্যতিক্রমী এক কর্মসূচির ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। তাঁর ভাষ্য অনুযায়ী, ‘অনাহারী নেতাকর্মীদের’ জন্য গণভিক্ষা কর্মসূচির পাশাপাশি ‘পুনর্বাসন দানবক্স’ চালু করা হবে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ কর্মসূচির কথা জানান হাসনাত আবদুল্লাহ। সেখানে তিনি ১৭ বছর ধরে সরকারদলীয় নেতাকর্মীদের অনাহারী থাকার কথা উল্লেখ করে গণভিক্ষার আহ্বান জানান।

ফেসবুক পোস্টে তিনি বলেন, মানুষ যদি দান করেন, সেই অর্থ হয়তো কাউকে চাঁদাবাজির পথ বেছে নেওয়া থেকে বিরত রাখতে পারে। তাঁর ভাষায়, একটি টাকাও কারও পুনর্বাসনে ভূমিকা রাখতে পারে।

হাসনাত জানান, চাঁদাবাজির বিকল্প হিসেবে সোমবারই ‘পুনর্বাসন দানবক্স’ চালু করা হবে। কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর বাংলামোটরে বিকেল ৪টায় একটি বিশেষ দানবাক্স উন্মুক্ত করার কথা রয়েছে।

পোস্টে তিনি মানুষকে দান করার আহ্বান জানিয়ে চাঁদাবাজি বন্ধে অংশ নেওয়ার কথা বলেন। একই সঙ্গে দীর্ঘদিন ধরে ‘অভুক্ত’ থাকা চাঁদাবাজদের পুনর্বাসনে জনগণকে যুক্ত হওয়ার আহ্বান জানান।

হাসনাত আবদুল্লাহ কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য এবং এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হিসেবে দায়িত্ব পালন করছেন বলে সাম্প্রতিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!