যুক্তরাষ্ট্র   শনিবার ২৪ অক্টোবর ২০২৬,৮ কার্তিক ১৪৩৩

রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা: এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০১ অক্টোবর ২০২৬, ০২:০৬ PM ৫৬
রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা: এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি। ছবি: সংগৃহীত

মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যকেন্দ্রে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, বুধবার রাতে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এমপি মিষ্টিকে পদত্যাগের বিষয়ে নির্দেশনা দেন। দ্রুত পদত্যাগ না করলে দলীয়ভাবে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হতে পারে বলেও তাঁকে জানানো হয়েছে। পদত্যাগের পর তাঁর বিষয়ে দলের পক্ষ থেকেও সাংগঠনিক সিদ্ধান্ত আসতে পারে।

গত ২৪ সেপ্টেম্বর মধ্যরাতে মিরপুর-১ এলাকায় রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। পরে ভারী যন্ত্রপাতি ব্যবহার করে স্বাস্থ্যকেন্দ্রটির স্থাপনাও গুঁড়িয়ে দেওয়া হয়। এ ঘটনায় মিষ্টির সম্পৃক্ততার অভিযোগ ওঠে। তবে হামলার সঙ্গে নিজের কোনো সংশ্লিষ্টতা থাকার কথা তিনি অস্বীকার করেছেন।

ঘটনাটি নিয়ে তদন্ত চলছে। বুধবার স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছিলেন, হামলার ঘটনায় কারও সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে। একই ঘটনায় স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের কয়েকজন নেতার বিরুদ্ধে সম্পৃক্ততার অভিযোগ নিয়ে বিভিন্ন প্রতিবেদনও প্রকাশিত হয়েছে।

এদিকে স্বাস্থ্যকেন্দ্রে হামলার ঘটনাকে কেন্দ্র করে বিএনপির সাংগঠনিক পর্যায়েও পরিবর্তন এসেছে। ঢাকা মহানগর উত্তর বিএনপির ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে। একই সঙ্গে ঢাকা মহানগর উত্তর যুবদলের কমিটিও বিলুপ্ত ঘোষণা করা হয়। দল ও সহযোগী সংগঠনের আরও কয়েকজন নেতার বিরুদ্ধেও সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার তথ্য এসেছে।

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!