যুক্তরাষ্ট্র   শুক্রবার ২৩ অক্টোবর ২০২৬,৭ কার্তিক ১৪৩৩

আ.লীগের সঙ্গে আঁতাত করলে মতলবে থাকা কঠিন হবে: ওসিকে এমপি জালাল

সবুজ নিশান ডেস্ক

সবুজ নিশান ডেস্ক

প্রকাশিত: ০৬ অক্টোবর ২০২৬, ০৪:৪৪ PM ৪৩
আ.লীগের সঙ্গে আঁতাত করলে মতলবে থাকা কঠিন হবে: ওসিকে এমপি জালাল

ছবি:সংগৃহীত

চাঁদপুরের মতলব উত্তর থানার নবনিযুক্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানস বড়ুয়াকে আওয়ামী লীগের সঙ্গে কোনো ধরনের আঁতাত না করার বিষয়ে সতর্ক করেছেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. মো. জালাল উদ্দিন।

মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে মতলব উত্তর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে কৃষকদের মধ্যে আধুনিক কৃষি যন্ত্রপাতি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মতলব উত্তরকে মাদকমুক্ত করার বিষয়ে নিজের অবস্থান তুলে ধরে জালাল উদ্দিন বলেন, মাদকের বিরুদ্ধে কোনো ধরনের আপস করা হবে না। তাঁর নির্বাচনী অঙ্গীকারের অন্যতম বিষয় ছিল মতলব থেকে মাদক নির্মূল করা।

তিনি বলেন, মাদক নিয়ন্ত্রণে পুলিশের ভূমিকা গুরুত্বপূর্ণ। শুধু আইন প্রয়োগ নয়, মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতেও স্থানীয় বাসিন্দাদের এগিয়ে আসতে হবে।

নতুন ওসি মানস বড়ুয়ার উদ্দেশে সংসদ সদস্য বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে আঁতাত বা ঘনিষ্ঠতা করলে মতলব উত্তর থানায় দায়িত্ব পালন করা কঠিন হবে। একই সঙ্গে মাদকের বিরুদ্ধে পুলিশকে আরও কঠোর ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে কৃষকদের বিভিন্ন সমস্যা ও কৃষি খাতের উন্নয়ন নিয়েও কথা বলেন জালাল উদ্দিন। তিনি বলেন, বাংলাদেশের অর্থনীতিতে কৃষির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কৃষকদের সহায়তায় ভর্তুকির মাধ্যমে কৃষি উপকরণ বিতরণ করা হচ্ছে।

কৃষকদের সেচসংক্রান্ত সমস্যা কমাতে দেশের বিভিন্ন এলাকায় খাল খননের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। পাশাপাশি মতলবের মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের আওতাভুক্ত কৃষিজমিতে চাষাবাদ নির্বিঘ্ন রাখতে কাজ করার কথা জানান সংসদ সদস্য।

অনুষ্ঠানে চারটি প্রকল্পের আওতায় স্থানীয় কৃষকদের মধ্যে মোট ১৫৯টি আধুনিক কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়।

অনুষ্ঠানে মতলব উত্তর থানার ওসি মানস বড়ুয়া, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর সরকার, ছেংগারচর পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধানসহ স্থানীয় রাজনৈতিক ও কৃষি বিভাগের কর্মকর্তারা বক্তব্য দেন।

আওয়ামী লীগের সঙ্গে আঁতাত এমপি জালাল উদ্দিন

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!