যুক্তরাষ্ট্র   শুক্রবার ২৩ অক্টোবর ২০২৬,৭ কার্তিক ১৪৩৩

সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী, কফিনে জানালেন শেষ শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৬, ০২:০৭ PM ২৬
সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী, কফিনে জানালেন শেষ শ্রদ্ধা

ছবি: সংগৃহীত

বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক ও ঢাকা-৪ আসনের সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়ে তাঁর প্রতি শেষ শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৪ অক্টোবর) জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত জানাজায় উপস্থিত হয়ে তিনি মরহুমের কফিনে শ্রদ্ধা নিবেদন করেন।

এর আগে মঙ্গলবার রাতে সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে শোক প্রকাশ করেন প্রধানমন্ত্রী। শোকবার্তায় তিনি প্রয়াত নেতাকে বিএনপির আন্দোলন-সংগ্রামের সাহসী কর্মী ও অকুতোভয় সংগঠক হিসেবে উল্লেখ করেন। দলের কঠিন সময়ে সালাহউদ্দিন আহমেদ সাহস ও নিষ্ঠার সঙ্গে সাংগঠনিক দায়িত্ব পালন করেছেন বলেও মন্তব্য করেন তিনি। তাঁর মৃত্যুতে বিএনপি একজন নিবেদিতপ্রাণ নেতাকে হারিয়েছে এবং এ ক্ষতি অপূরণীয় বলে শোকবার্তায় উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

দীর্ঘদিন ধরে ফুসফুসের জটিলতা ও বার্ধক্যজনিত বিভিন্ন অসুস্থতায় ভুগছিলেন সালাহউদ্দিন আহমেদ। মঙ্গলবার রাত ৮টা ১০ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

সালাহউদ্দিন আহমেদ দেশের জাতীয় সংসদে তিনবার প্রতিনিধিত্ব করেছেন। তিনি ১৯৯১ সালের পঞ্চম, ১৯৯৬ সালের ষষ্ঠ এবং ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন। বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন সক্রিয় থাকা এই নেতার মৃত্যুতে দলটির নেতাকর্মীদের মধ্যে শোকের আবহ তৈরি হয়েছে।

সালাহউদ্দিন আহমেদ প্রধানমন্ত্রী তারেক রহমান বিএনপি

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!