জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। ছবি: সংগৃহীত
দীর্ঘ ১৭ বছর দেশের বাইরে থাকলেও বিভিন্ন দুর্যোগ ও সংকটে তারেক রহমান জনগণের পাশে ছিলেন বলে দাবি করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তাঁর বক্তব্য, প্রবাসে অবস্থান করেও তারেক রহমানের নির্দেশনায় মানুষের কাছে মানবিক সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে।
রোববার (১৮ অক্টোবর) রাজধানীর জিয়া উদ্যানে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন এবং ফাতেহা পাঠ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন রিজভী। জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ কর্মসূচির আয়োজন করা হয়।
রিজভী বলেন, তারেক রহমানের নেতৃত্বে ফাউন্ডেশনটির কার্যক্রম দেশের বিভিন্ন প্রান্তের মানুষের কাছে পৌঁছেছে। করোনা মহামারি, অতিবৃষ্টি, বন্যা ও শীতের মতো পরিস্থিতিতে সংগঠনটি সহায়তা কার্যক্রম চালিয়েছে বলে তিনি উল্লেখ করেন।
বিএনপির এই নেতা আরও বলেন, রাজনৈতিক প্রতিকূলতার সময়েও তরুণ ও কিশোরদের বিজ্ঞান ও শিক্ষায় আগ্রহী করতে অনলাইনে বিজ্ঞান প্রদর্শনীসহ বিভিন্ন উদ্যোগ নিয়েছে ফাউন্ডেশন। দুর্ঘটনায় পঙ্গু হয়ে যাওয়া ব্যক্তিদের কৃত্রিম পা সংযোজন, বৃক্ষরোপণ এবং চিকিৎসা সহায়তার মতো কর্মসূচিও পরিচালনা করা হয়েছে বলে তাঁর দাবি।
অনুষ্ঠানে বিএনপির শীর্ষ নেতাদের পাশাপাশি জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ড. ফরহাদ হালিম ডোনার, ড. মোর্শেদ হাসান খান এবং বিভিন্ন পেশার জ্যেষ্ঠ ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
তারেক রহমান রুহুল কবির রিজভী
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!