ছবি:সংগৃহীত
যুক্তরাষ্ট্রের রপ্তানি নিষেধাজ্ঞা ও চীনের স্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর প্রতিযোগিতায় দেশটির কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চিপের বাজারে চাপে পড়েছে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান এনভিডিয়া। ২০২৬ সালের প্রথম ছয় মাসে চীনের ডেটা সেন্টারভিত্তিক এআই চিপের বাজারে কোম্পানিটির অংশ কমে ৩৪ শতাংশে দাঁড়িয়েছে। বিপরীতে নিজেদের অবস্থান শক্তিশালী করেছে চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ে।
আন্তর্জাতিক বাজার গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ডেটা করপোরেশন (আইডিসি) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
আইডিসির তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত চীনে ৬ লাখ ৭৮ হাজার এআই অ্যাক্সিলারেটর চিপ সরবরাহ করেছে এনভিডিয়া। গত বছরের একই সময়ের তুলনায় এ সরবরাহ ৪৪ শতাংশ কম। এআই মডেল প্রশিক্ষণ ও পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এসব বিশেষায়িত চিপ।
এনভিডিয়ার বাজার সংকুচিত হওয়ার পেছনে যুক্তরাষ্ট্রের রপ্তানি নীতিকে অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে। চীনের সামরিক ও প্রযুক্তিগত সক্ষমতা সীমিত রাখার লক্ষ্যে ওয়াশিংটন উন্নত এআই চিপ রপ্তানিতে বিধিনিষেধ আরোপ করেছে। এর ফলে চীনের বাজারে এনভিডিয়ার উন্নত প্রযুক্তির পণ্য বিক্রির সুযোগ সীমিত হয়েছে।
অন্যদিকে, চীনা সরকার দেশীয় প্রযুক্তি ব্যবহারে গুরুত্ব দিচ্ছে। এনভিডিয়ার অনুমোদিত চিপ আমদানির ক্ষেত্রেও চীনা প্রতিষ্ঠানগুলোর বিশেষ সরকারি অনুমতির প্রয়োজন হচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা জেনসেন হুয়াং দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের রপ্তানি নীতির সমালোচনা করে আসছেন। তাঁর মতে, এসব বিধিনিষেধের কারণে প্রায় ৫০ বিলিয়ন ডলারের চীনা এআই চিপের বাজারে মার্কিন প্রতিষ্ঠানটি প্রতিযোগিতামূলক অবস্থান হারাচ্ছে এবং স্থানীয় প্রতিষ্ঠানগুলো সুবিধা পাচ্ছে।
এনভিডিয়ার বিপরীতে চীনের এআই চিপের বাজারে দ্রুত এগিয়ে যাচ্ছে হুয়াওয়ে। আইডিসির প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের প্রথমার্ধে প্রতিষ্ঠানটি ৫ লাখ ৭২ হাজার এআই অ্যাক্সিলারেটর চিপ সরবরাহ করেছে। আগের বছরের একই সময়ে সরবরাহের পরিমাণ ছিল তিন লাখের কিছু বেশি। এর ফলে চীনের সামগ্রিক এআই চিপের বাজারে হুয়াওয়ের অংশ বেড়ে ২৮ শতাংশে পৌঁছেছে।
প্রতিবেদন অনুযায়ী, আইডিসির পর্যবেক্ষণে থাকা ১১টি চীনা চিপ নির্মাতা প্রতিষ্ঠানের মধ্যে ৯টিই গত বছরের তুলনায় সরবরাহ বাড়িয়েছে। চলতি বছরের প্রথম ছয় মাসে দেশটিতে মোট ২০ লাখ ৮ হাজার এআই অ্যাক্সিলারেটর চিপ সরবরাহ করা হয়েছে।
এআই মডেল প্রশিক্ষণে বহুল ব্যবহৃত গ্রাফিকস প্রসেসিং ইউনিট (জিপিইউ) চিপের সরবরাহও কমেছে। আইডিসির তথ্য অনুযায়ী, ২০২৬ সালের প্রথমার্ধে চীনে জিপিইউ সরবরাহ ২৬ শতাংশ কমে ৯ লাখ ৯১ হাজারে দাঁড়িয়েছে।
অন্যদিকে, জিপিইউ ছাড়া নির্দিষ্ট এআই কাজের জন্য তৈরি বিশেষায়িত চিপের সরবরাহ প্রায় ৮০ শতাংশ বেড়ে ১০ লাখ ১৬ হাজারে পৌঁছেছে। ফলে প্রথমবারের মতো এসব চিপের সরবরাহ জিপিইউকে ছাড়িয়ে গেছে।
আইডিসির হিসাবে, জিপিইউ-বহির্ভূত এআই অ্যাক্সিলারেটর বাজারের ৯৫ শতাংশ নিয়ন্ত্রণ করছে হুয়াওয়ে, টি-হেড, কুয়ানলুনশিন ও ক্যামব্রিকনের মতো চীনা প্রতিষ্ঠান। দেশটির সরকারি সংস্থা, ইন্টারনেটভিত্তিক বড় প্রযুক্তি কোম্পানি এবং টেলিযোগাযোগ প্রতিষ্ঠানগুলোও স্থানীয় চিপ ব্যবহারে আগ্রহ বাড়াচ্ছে।
আইডিসির প্রতিবেদনে বলা হয়েছে, চীনের এআই চিপের বাজারে প্রতিযোগিতা এখন শুধু একটি চিপের কার্যক্ষমতার মধ্যে সীমাবদ্ধ নেই। ডেটা সেন্টার ও একাধিক চিপের সমন্বয়ে গঠিত কম্পিউটিং ক্লাস্টার কতটা দক্ষতার সঙ্গে কাজ করতে পারছে, সেটিও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
চলতি বছর চীনে জিপিইউ সরবরাহ ৯ শতাংশ কমতে পারে বলে ধারণা করছে আইডিসি। তবে সামগ্রিক এআই চিপের বাজার ১৯ শতাংশ বাড়তে পারে।
বিশ্লেষকদের পর্যবেক্ষণে, চীনের স্থানীয় চিপ নির্মাতাদের অগ্রগতি এবং যুক্তরাষ্ট্রের রপ্তানি বিধিনিষেধ দেশটির এআই অবকাঠামোর বাজারে প্রতিযোগিতার ধরন বদলে দিচ্ছে। এ পরিস্থিতিতে এনভিডিয়ার বাজারের অবস্থান ধরে রাখার পাশাপাশি হুয়াওয়ের মতো স্থানীয় প্রতিষ্ঠানের প্রযুক্তিগত সক্ষমতা ও সরবরাহ বৃদ্ধিও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।
কৃত্রিম বুদ্ধিমত্তা এনভিডিয়া হুয়াওয়ে
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!