যুক্তরাষ্ট্র   শুক্রবার ২৩ অক্টোবর ২০২৬,৭ কার্তিক ১৪৩৩

লেস্টার অধ্যায় শেষে শেফিল্ড ইউনাইটেডে ফিরছেন হামজা চৌধুরী

সাইফুল ইসলাম জয়

সাইফুল ইসলাম জয়

প্রকাশিত: ৩১ আগস্ট ২০২৬, ০২:২০ PM ৮৭
লেস্টার অধ্যায় শেষে শেফিল্ড ইউনাইটেডে ফিরছেন হামজা চৌধুরী

ইংলিশ চ্যাম্পিয়নশিপের ক্লাব শেফিল্ড ইউনাইটেডে স্থায়ীভাবে যোগ দেওয়ার পথে বাংলাদেশের জাতীয় দলের মিডফিল্ডার হামজা চৌধুরী।সংগৃহীত ছবি

লেস্টার সিটির সঙ্গে হামজার স্থায়ী দলবদল নিয়ে শেফিল্ড ইউনাইটেড সমঝোতায় পৌঁছেছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম। ২৮ বছর বয়সী এই ফুটবলার এখন নতুন ক্লাবটির মেডিক্যাল পরীক্ষার অপেক্ষায় রয়েছেন। সেটি সম্পন্ন হলে আনুষ্ঠানিক চুক্তির মাধ্যমে তার দলবদল প্রক্রিয়া শেষ হওয়ার কথা।

শেফিল্ড ইউনাইটেডের সঙ্গে হামজার সম্পর্ক অবশ্য নতুন নয়। গত মৌসুমের দ্বিতীয়ার্ধে লেস্টার থেকে ধারে দলটিতে খেলেছিলেন তিনি। চ্যাম্পিয়নশিপে শেফিল্ডের হয়ে ১৯ ম্যাচে মাঠে নামেন হামজা, যার ১৬টিতেই শুরু থেকে খেলেছেন। তার পারফরম্যান্সে দলটি প্লে-অফ ফাইনালে উঠলেও সান্দারল্যান্ডের কাছে হেরে প্রিমিয়ার লিগে ফেরার সুযোগ হাতছাড়া করে।

হামজাকে স্থায়ীভাবে দলে নেওয়ার ক্ষেত্রে তার বহুমুখী খেলার সক্ষমতাও শেফিল্ডের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। মাঝমাঠে দায়িত্ব পালনের পাশাপাশি রাইটব্যাক পজিশনেও খেলতে পারেন তিনি। দলটির প্রথম পছন্দের রাইটব্যাক ফেমি সেরিকির চোটের কারণে ওই পজিশনে তৈরি হওয়া ঘাটতি পূরণেও হামজাকে ব্যবহার করার সুযোগ রয়েছে।

লেস্টার সিটির সঙ্গে হামজার দীর্ঘ সম্পর্কও এবার শেষ হতে যাচ্ছে। মাত্র সাত বছর বয়সে ক্লাবটির একাডেমিতে যোগ দিয়েছিলেন তিনি। পরে বার্টন অ্যালবিয়নে দুটি দফায় ধারে খেলার অভিজ্ঞতা অর্জন করেন। ২০১৭ সালে লেস্টারের মূল দলে জায়গা করে নেওয়ার পর ক্লাবটির হয়ে এখন পর্যন্ত ১৬৬টি সিনিয়র ম্যাচ খেলেছেন বাংলাদেশের এই ফুটবলার।

শেফিল্ড ইউনাইটেডে স্থায়ীভাবে যোগ দিলে হামজার ক্যারিয়ারে নতুন অধ্যায় শুরু হবে। গত মৌসুমে ধারে খেলে ক্লাবটির সঙ্গে যে সংযোগ তৈরি হয়েছিল, এবার সেটিই স্থায়ী রূপ পাওয়ার অপেক্ষায়।

হামজা চৌধুরী

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!