বুমরাহ ফিট, চোটে আফগানিস্তান সিরিজ থেকে বাদ হার্ষিত ছবি: সংগৃহীত
আফগানিস্তানের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজ এবং এশিয়ান গেমসে ভারতীয় দলে জসপ্রিত বুমরাহকে পাওয়ার অনিশ্চয়তা কেটেছে। ব্যাঙ্গালুরুতে ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর এই পেসারকে খেলার ছাড়পত্র দেওয়া হয়েছে। আগে থেকেই সিরিজের দলে থাকলেও চিকিৎসকদের অনুমোদনের অপেক্ষায় ছিল ভারতীয় টিম ম্যানেজমেন্ট।
বুমরাহর জন্য সুখবর এলেও একই সময়ে দলে এসেছে দুঃসংবাদ। হাঁটুর চোট থেকে সেরে ওঠার প্রক্রিয়ায় থাকা হার্ষিত রানা নতুন করে চোট পেয়েছেন। ফলে আফগানিস্তান সিরিজের পাশাপাশি এশিয়ান গেমসেও আর খেলতে পারছেন না তিনি।
চলতি বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচে হাঁটুতে চোট পেয়েছিলেন হার্ষিত। সেই চোটের পরও তাকে ভারতীয় দলে রাখা হয়েছিল। তবে বুমরাহর মতোই ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হওয়াটা ছিল তার মাঠে ফেরার শর্ত। পুনর্বাসনের মধ্যেই নতুন চোট পাওয়ায় সেই সুযোগ আর থাকল না।
হার্ষিতের জায়গায় ভারতীয় দলে নেওয়া হয়েছে পেসার ইয়াশ ঠাকুরকে। গত জুলাইয়ে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল তার।
ভারত ও আফগানিস্তানের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ১৩ সেপ্টেম্বর। দ্বিতীয় ম্যাচ ১৫ সেপ্টেম্বর এবং শেষ ম্যাচ ১৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তিনটি ম্যাচই দিল্লিতে হবে। সিরিজটির অফিসিয়াল আয়োজক আফগানিস্তান।
আফগানিস্তান সিরিজ শেষ করে ভারতীয় দল এশিয়ান গেমসে অংশ নিতে জাপানের উদ্দেশে রওনা দেবে।
আফগানিস্তান সিরিজ ও এশিয়ান গেমসের ভারতীয় দলে রয়েছেন শ্রেয়াস আইয়ার (অধিনায়ক), অভিষেক শর্মা, বৈভব সূর্যবংশী, সঞ্জু স্যামসন, ইশান কিষান, তিলক ভার্মা, শিবম দুবে, নিতিশ কুমার রেড্ডি, জসপ্রিত বুমরাহ, রবি বিষ্ণোই, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, বরুণ চক্রবর্তী, আর্শদিপ সিং ও ইয়াশ ঠাকুর।
জসপ্রিত বুমরাহ হার্ষিত
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!